শিশুদের রক্ষায় এগিয়ে আসুন: পোপ
“গোয়াল ঘরে খড়ের গাদায় যিশু খৃস্টের জন্ম বিশ্বব্যাপী দরিদ্র, নিগৃহীত, অধিকার বঞ্চিত শিশুদের কথাই মনে করিয়ে দেয়”-বড়দিনের সূচনালগ্নে রোববার মধ্যরাতে ভ্যাটিকানে সমবেত ধর্মানুরাগীদের উদ্দেশ্য করে একথা বললেন পোপ ষোড়শ বেনেডিক্ট।
ইতালির রোমে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় বড়দিন উপলক্ষে সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশ্যে যিশুর জন্মের সেই মুহূর্তটি তুলে ধরে বিশ্বের বিভিন্ন স্থানে দরিদ্র ও অধিকার বঞ্চিত শিশুদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
টেলিভিশনের বিশাল পর্দার মাধ্যমে সেন্ট পিটার্স বাসিলিকার বাইরে সমবেত কয়েক হাজার লোক রোববার গভীর রাতে পোপের এই ধর্মীয় ভাষণ প্রত্যক্ষ করেন।
“নিঝুম রাতে বেথেলহেম নগরের খড়ের গাদায় যিশুর জন্ম আমাদের সামনে এক বিশেষ অর্থ বয়ে আনে। তার অনাড়ম্বর, আয়োজনহীন জন্মের মধ্য দিয়ে তিনি যেন পৃথিবীর নির্যাতিত, দরিদ্র, অধিকার বঞ্চিত শিশুদের প্রতি মনোযোগ ও ভালোবাসা ছড়িয়ে দিতে বারবার আহ্বান করছেন আমাদের,” পোপ বলেন।
“যেসব শিশু শৈশবের আনন্দ বোঝার আগেই যুদ্ধসৈনিক হয়েছে, যারা দারিদ্রের কারণে ভিক্ষাবৃত্তিতে লিপ্ত হচ্ছে, যারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে শিশু অধিকার থেকে, অনাহারে-অর্ধাহারে অবহেলায় বড় হচ্ছে-এদের সবার মধ্যেই রয়েছেন যিশু খৃষ্ট। শিশুদের আর্তি আজ তাঁরই আর্তি হয়ে আমাদের বলছে এসব শিশুর জন্য কিছু করতে। তাদের দু:খ লাঘবে, তাদের রক্ষায় এগিয়ে আসতে,”।
ত্রা এই ধর্মবাণীর মাধ্যমে এভাবেই শিশুদের অধিকার রক্ষায় এগিয়ে আসার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান পোপ।
