ঈদের আগেই বন্দি মুক্তির আশ্বাস ওলমার্টের
ঈদের আগেই ফিলিস্তিনি বন্দিদের কয়েকজনকে মুক্তি দেওয়া হতে পারে বলে রোববার জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। মুসলিমদের পবিত্র উৎসবের আগে বন্দিমুক্তির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশটির আরো তিন মন্ত্রী।
এদিকে, জুন মাসে গাজায় অপহৃত ইসরায়েলি সেনা গিলাদ শালিদকে মুিক্ত না দেওয়া পর্যন্ত কোনো ফিলিস্তিনিকে ছাড়া হবে না বলে শনিবার শর্ত জুড়ে দেয় ইসরায়েলি কর্মকর্তারা। কিন্তু এ ব্যাপারে এখনও কিছু জানায়নি ফিলিস্তিনি গেরিলারা।
মন্ত্রীপরিষদ সূত্র জানায় বন্দিমুক্তির প্রস্তাব সম্পর্কে ওলমার্ট বলেছেন,“এখন নমনীয় হওয়ার সময় এসেছে, নীতি পরিবর্তন করে আগের অবস্থান থেকে সরে আসতে পারে ইসরায়েল।”
প্রসঙ্গত ফিলিস্তিনে আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর থেকেই মাহমুদ আব্বাসের সমর্থনে এগিয়ে আসার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
এর প্রেক্ষিতে শনিবার জেরুজালেমে ওলমার্টের বাসভবনে প্রথমবারের মতো বৈঠক করেন আব্বাস ও ওলমার্ট। ওই বৈঠকে নতুন করে শান্তি আলোচনা শুরুর সিদ্ধান্ত নেন দুই নেতা। সেদিনই ফিলিস্তিনিদের কাছে করের অর্থ হস্তান্তরের ঘোষণা দেন ওলমার্ট।
