সোমালিয়ায় ইথিওপীয় বিমানের বোমা বর্ষণ
সোমালিয়ার রোববার বিমান হামলা চালিয়েছে ইথিওপিয়া। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত দুটি এলাকায় বোমা বর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা হয়।
ইথিওপিয়া সমর্থিত অন্তর্বর্তী সরকারের সঙ্গে মুসলিম গেরিলাদের সংঘর্ষ ষষ্ঠ দিনের মতো অব্যাহত থাকার পর এ ঘটনা ঘটলো। তবে ইথিওপিয়া, সোমালিয়ার অন্তর্বর্তী সরকার কিংবা ইসলামপন্থীদের কাছ থেকে এ বিষয়ে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি।
রাজধানী মোগাদিসুর ১৯০ কিলোমিটার দূরে বালাদুয়াইনের বাসিন্দা আবদি রশিদ হাসান জানান, ইথিওপীয়রা বিমান হামলা শুরু করেছে। আরেক প্রতক্ষ্যদর্শী বানদিরাদলির ব্যবসায়ী ফারাহ ওসমান জানিয়েছেন, ওই অঞ্চলে দুটি ইথিওপীয় বিমানকে মিসাইল হামলা চালাতে দেখেছেন তিনি।
ইসলামপন্থীরা জুন মাসে দেশটির দক্ষিণাঞ্চলসহ রাজধানী মোগাদিসু দখল করে নিলে ইথিওপিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আশ্রয় নেয় অন্তর্বর্তী সরকার। পশ্চিমা সমর্থিত এ সরকার দেশটিতে কেন্দ্রীয় শাসন জারি করার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু ইসলামপন্থীদের সঙ্গে লড়াইয়ে সে প্রচেষ্টায় ব্যর্থ হয় তারা।
১৯৯১ সালে একনায়ক মোহাম্মদ সায়াদ বারে ক্ষমতাচ্যুত হওয়ার পর যুদ্ধবিধ্বস্ত সোমালিয়ায় একটি কেন্দ্রীয় শাসন জারির চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি।
ইথিওপিয়া সমর্থিতদের সঙ্গে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া মারাত্মক সংঘর্ষের প্রেক্ষিতে শনিবার ইথিওপিয়ার বিরুদ্ধে জিহাদের ডাক দেয় সোমলিয়ার ইসলামপন্থীরা। তাদের দাবি, সন্ত্রাসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্র ইথিওপিয়া সোমালিয়া দখল করে নিতে চায়।
অন্তর্বর্তী সরকারের তথ্যমন্ত্রী আলী আহমেদ জামা বলেন, পুরোদমে যুদ্ধ চলছে, এ যুদ্ধে আমরা জিতবই। এদিকে প্রতিপক্ষ ইসলামি কোর্টসও যুদ্ধজয়ে দৃঢ় আশাবাদী। উভয় পক্ষই দাবি করছে, যুদ্ধে তারা প্রতিপক্ষের বহু যোদ্ধাকে ঘায়েল করেছে।
