নিষেধাজ্ঞা বা যুদ্ধে ভয় করি না: উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয় জাতি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে পিয়ংইয়ং। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, কোনো ধরনের নিষেধাজ্ঞা কিংবা যুদ্ধে তাদের ভয় নেই।
এক বছরেরও বেশি সময় পর গত সোমবার বেইজিংয়ে শুরু হয় ছয় জাতি আলোচনা। দীর্ঘ পাঁচ দিন আলোচনা শেষে শুক্রবার কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। পরবর্তী বৈঠকের দিনক্ষণ ঠিক করতেও ব্যর্থ হন আলোচকরা।
আলোচনা ভেস্তে যাওয়ার জন্য উত্তর কোরিয়ার অনমনীয় ও বাস্তবতা বিবর্জিত আচরণকেই দায়ী করে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, পিয়ংইয়ং মূল আলোচনার চেয়ে যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাকেই বেশি গুরুত্ব দিতে চেয়েছে।
এর জবাবে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম কাই ওয়ান বলেন, “যুক্তরাষ্ট্রের উচিত হবে আমাদের প্রস্তাবগুলো ভালো করে পড়ে দেখা।” আলোচনায় ব্যর্থতার কোনো দায় নিতে তিনি অস্বীকার করেন।
এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কোনো ধরনের চাপ কিংবা নিষেধাজ্ঞার হুমকি উত্তর কোরিয়ার ক্ষেত্রে কাজে আসবে না। যুদ্ধেও তাদের ভয় নেই।
তারা বলেছে, উত্তর কোরিয়ার বিপ্লবী সেনাবাহিনী শান্তিকামী। কিন্তু দেশের সার্বভৌমত্ব কিংবা মর্যাদা হানিকর কোনো বিষয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ায় তারা বদ্ধপরিকর। এর জন্য যদি যুদ্ধ করতে হয়, তবে তাতেও ভয় নেই।
