২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান নেতা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানে শীর্ষস্থানীয় এক তালেবান নেতাকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে তালেবানরা বলছে, তিনি জীবিতই আছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2006, 05:42 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর মুখপাত্র কর্নেল টম কলিন্স শনিবার জানিয়েছেন, হেলমান্দ প্রদেশে গত মঙ্গলবার বিমান হামলায় তালেবানদের আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর প্রধান আখতার মোহাম্মদ ওসমানীসহ দুই জন নিহত হয়।

মোহাম্মদ ওসমানী তালেবানদের শীর্ষ চার নেতার মধ্যে এক জন বলে জানা গেছে। মোল্লা ওমর ও ওসামা বিন লাদেনের সঙ্গে তার যোগাযোগ ছিল বলে যুক্তরাষ্ট্র দাবি করছে। তিনি কান্দাহার ও হেলমান্দ প্রদেশে তালেবান বাহিনীর সামরিক অভিযানে পরিচালনার দায়িত্বে ছিলেন।

টম কলিন্স বলেন, “ওসমানির নিহত হওয়ার ঘটনা আমাদের জন্য বড় ধরনের বিজয়। তালেবানরা হয়ত তার স্থানে অন্য কাউকে বসাবে। কিন্তু সাময়িকভাবে হলেও তাদের সামর্থ্যরে ঘাটতি দেখা দেবে।”

এদিকে ওসমানির নিহত হওয়ার ঘটনা নাকচ করে তালেবান কমান্ডার মোল্লা হায়াত টেলিফোনে রয়টার্সকে বলেন, “যে এলাকায় তিনি নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহনী দাবি করেছে, তিনি সেখানে ছিলেনই না। এটা যুক্তরাষ্ট্রের একটা প্রপাগান্ডা। এ ধরনের দাবি তারা অহরহ করে থাকে।”