সোমালিয়ার জিহাদের ডাক
ইথিওপিয়ার বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছে সোমালিয়ার মুসলিম বিদ্রোহীরা। শুধু তাই নয় জিহাদে সারাবিশ্বের মুসলমানদের শরিক হওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
বিদ্রোহীদের প্রতিরক্ষা বাহিনী প্রধান ইউসুফ মোহাম্মদ সাইদ শনিবার মোগাদিসুতে সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ঘোষণা দিতে চাই, সোমালিয়ার ভূ খণ্ড সারাবিশ্বের মুসলমানদের জন্য উন্মুক্ত। আসুন সবাই সোমালিয়ায় জিহাদে ঝাঁপিয়ে পড়ি, আক্রমণ করি আদ্দিস আবাবা। এটা আল্লাহরও ইচ্ছা।”
তিনি বলেন, ইসলামের শত্রুদের যারা ধ্বংস করতে চায়, তারা সবাই অংশ নিতে পারে এ জিহাদে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইথিওপিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, আল কায়দা ইসলামি বিদ্রোহীদের মদদ যোগাচ্ছে। তবে সে অভিযোগ অস্বীকার করছে বিদ্রোহীরা।
বিদ্রোহী ও সরকার সমর্থক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের চার দিনের মাথায় জিহাদের এ ঘোষণা এল। এর আগে সে দেশের সরকারের আহ্বানে আসা ইথিওপিয়ান বাহিনীকে তারা গত বৃহস্পতিবারের মধ্যে দেশ ছাড়ার সময়সীমি বেঁধে দেয় তারা। নইলে তাদের বিরুদ্ধেও যুদ্ধের ঘোষণা দেয়া হয়।
