২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ইস্যুতে শনিবার নিরাপত্তা পরিষদে ভোটের সম্ভাবনা

পরমাণু ইস্যুতে ইরানের ওপর অবরোধ আরোপের প্রস্তাবে শনিবার নিরাপত্তা পরিষদে ভোটের সম্ভাবনা রয়েছে। তবে এখনও এ পরিকল্পনায় সায় দেয়নি রাশিয়া। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি প্রস্তাবটিতে কিছু সংশোধনী আনার পর এ ভোট গ্রহণের সম্ভাবনার কথা জানানো হয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2006, 03:48 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

জাতিসংঘে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক দো লা সাবলিয়ের শুক্রবার সাংবাদিকদের জানান, “আগামীকাল এ বিষয়ে ভোটে যাব আমরা।”

কিন্তু রাশিয়া এবং চীন প্রস্তাবটির বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি। শনিবার সকালে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের। অন্যদিকে চীনের রাষ্ট্রদূত ওয়াং গোয়াংগায়া বলেছেন, এখন বেইজিংয়ের সঙ্গে কথা বলতে হবে তার।

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, হেভি ওয়াটার রিএ্যাক্টর ও মহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কিত সব ধরনের স্পর্শকাতর দ্রব্যাদি ও প্রযুক্তির আমদানি রপ্তানি নিষিদ্ধ এবং এসব পুনর্জাতকরণ বন্ধ করার কথা বলা হয়েছে নিরাপত্তা পরিষদের সংশোধিত প্রস্তাবটিতে। জাতিসংঘের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে পরমাণু সমৃদ্ধকরণ বন্ধ ও আলোচনা থেকে সরে যাওয়ার কারণেই এ প্রস্তাব আনা হয়েছে।

এর আগের প্রস্তাবে বিদেশে ইরানের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে বিরোধিতা করে রাশিয়া। নিরাপত্তা পরিষদে একটি কমিটি গঠন করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় তারা। এদিকে পশ্চিমা দেশগুলো বলছে, তা করতে গেলে কম করে হলেও এক মাস সময় লাগবে। এর মধ্য দিয়ে ইরানের ইস্যুটি চাপা দেওয়ার অপপ্রয়াস চালানো হচ্ছে বলেও তাদের অভিযোগ।

এর বিরোধিতায় রাশিয়ার দূত ভিতালি চুরখিন বলেন, আমরা কোন কিছুই চাপা দিতে চাই না। বরং সবকিছু ভালোভাবে যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া ভালো। কারণ তাতে নিরপরাধ কারো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।