২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খোবার টাওয়ারে হামলার ক্ষতিপূরণ দিতে ইরানকে নির্দেশ

সৌদি আরবে একটি বোমা হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করে ক্ষতিপূরণ হিসেবে ২৫ কোটি ৪৪ লাখ ডলার দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার বিচারক রয়েস লামবার্থ এ রায় দেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 23 Dec 2006, 03:23 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

১৯৯৬ সালে সৌদি আরবের দাহরানে মার্কিন ঘাঁটিতে বোমা হামলায় ১৯ জন নিহত হয়। শুক্রবারের রায়ে নিহত ১৭ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়।

আদালতের রায়ে ওই হামলার জন্য ইরান সরকার, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিপ্লবী গার্ড বাহিনীকে অভিযুক্ত করা হয়। ২০৯ পৃষ্ঠার রায়ে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল আহমেদ শারিফির নিয়োগ করা ব্যক্তিরাই খোবার টাওয়ারে হামলা চালায়। হামলার পরিকল্পনা হয় লেবাননের বেকা উপত্যকায়। ট্রাক বোমাটি তৈরি করায় হিজবুল্লাহ সহায়তা করে। আর পুরো ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সায় ছিল।

লামবার্থ বলেন, “প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এটাই প্রমাণিত হয় যে খোবার টাওয়ারে বোমা হামলার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ইরানের উর্ধ্বতন নেতারা এতে অর্থ সহায়তা দিয়েছেন।”