২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আব্বাস-ওলমার্ট প্রথম আনুষ্ঠানিক বৈঠক

ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেন শনিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 02:39 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

জেরুজালেমে ওলমার্টের বাসভবনে অনুষ্ঠিত এ বৈঠকে ২০০০ সালে স্থগিত হয়ে যাওয়া শান্তি আলোচনা নতুন করে শুরু করতে একমত হয়েছেন দুই নেতা। সে লক্ষ্যে আগামী মাসগুলোতে আরও কয়েক দফা বৈঠকে বসতেও উভয়ে সম্মত হন।

এহুদ ওলমার্ট বলেন, কর বাবদ ফিলিস্তিনিদের পাওনা ১০ কোটি ডলার হস্তান্তরের ব্যবস্থা করবেন তিনি। তবে কার কাছে এবং কবে নাগাদ এ অর্থ হস্তান্তর করা হবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ফিলিস্তিনি নেতা সায়েব এরাকাত ধারণা করছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্টের মাধ্যমেই ওই অর্থ হস্তান্তর হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্র মিরি এইসন জানিয়েছেন, হামাস নেতৃত্বাধীন সরকারের কাছে এ অর্থ দেওয়া হবে না। মানবিক কারণে তারা অর্থ হস্তান্তরের সঠিক উপায় খুঁজছেন বলে তিনি জানান।

পশ্চিম তীর থেকে বেশকিছু চেকপয়েন্ট তুলে নিতেও সম্মত হন ওলমার্ট। কিন্তু বহু প্রত্যাশিত ফিলিস্তিনি বন্দি মুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। তবে দুই নেতাই ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্ত করার উপায় খুঁজে বের করতে একটি কমিটি গঠনে সম্মত হয়েছেন। ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, গত জুন মাসে গাজায় অপহৃত ইসরায়েলি সেনা গিলাদ শালিত মুক্ত না হওয়া পর্যন্ত তারা কোনো ফিলিস্তিনিকে ছেড়ে দেবে না।

পশ্চিম তীরের রাস্তা থেকে অবরোধ উঠিয়ে নিতে সম্মত হয়েছেন ওলমার্ট।

প্রসঙ্গত ফিলিস্তিনে আগাম নির্বাচন আহ্বানের পর থেকেই মাহমুদ আব্বাসের সমর্থনে এগিয়ে আসার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।