২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিথরোয় অচলাবস্থা কাটেনি এখনো

শুক্রবারও কুয়াশা কাটেনি। ফলে লন্ডনের হিথরো বিমানবন্দরে অচলাবস্থা রয়েই গেছে। হাজার হাজার যাত্রী এখনো অপেক্ষা করে আছে বিমানবন্দরে। আবহাওয়া দফতর থেকেও খুব একটা আশার বাণী আসেনি। তাই বড়দিন এখানেই কাটাতে হয় কি না সে শঙ্কাই এখন সবার মাঝে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Dec 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার বাতিল করা হয় সাড়ে তিন শ ফ্লাইট। শুক্রবার স্থগিত হওয়া ফ্লাইটের সংখ্যাও এর কাছাকাছি বলে জানিয়েছেন বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএএ’র মুখপাত্র সায়মন বাউ। তিনি বললেন, “বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর হলেও আমাদের রানওয়ে মাত্র দুইটি। ফলে ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কম।”

ব্রিটিশ এয়ারওয়েজের পরিচালক জিওফ ওয়ান্ট বলেন, “আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে খুব শিগগিরই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না।” আবহাওয়াবিদরাও বলছেন, বড়দিনের আগে উন্নতির আশা খুবই কম। হিথ্রো বিমানবন্দর থেকে ইতোমধ্যে ব্রিটিশ এয়ারওয়েজের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের সেবায় কোনো কার্পণ্য রাখতে চাইছে না কর্তৃপক্ষ। গরম পানীয় এবং তার সঙ্গে কম্বল ও উলের টুপি সরবরাহ করা হচ্ছে। জিওফ ওয়ান্ট জানালেন,“ বড়দিন যে বছরের সবচেয়ে বড় উৎসব, তা আমরাও বুঝি। তাই আমাদের পক্ষ থেকে সেবার কোনো ঘাটতি থাকবে না।”

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, তারা যাত্রীদের থাকার জন্য পাঁচ হাজার হোটেল কক্ষ ভাড়া করেছে।

এদিকে অপেক্ষায় থাকতে থাকতে যাত্রীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। ডেভিড পেজ নামে এক ব্যক্তি বলেন, “বড়দিন উদযাপন বোধহয় আর করা হল না।”

ড্যান ম্যাকেঞ্জির ৩৫তম জন্মদিনটা হিথরোতেই কাটলো। তাই হতাশার সঙ্গে সঙ্গে ক্ষোভও ঝরে পড়ল তার কণ্ঠে। “বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দরে এ অভিজ্ঞতা মোটেই প্রীতিকর নয়” বললেন তিনি।