ছয় জাতি আলোচনা সিদ্ধান্ত ছাড়াই শেষ
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে কোনো চুক্তি কিংবা কোন প্রকার সমঝোতা ছাড়াই শুক্রবার বেইজিংয়ে শেষ হল ছয়জাতি আলোচনা। আগামী বৈঠকের দিনক্ষণও ঠিক করতে ব্যর্থ হন আলোচকরা।
এক বছরেরও বেশী সময় বন্ধ থাকার পর গত সোমবার ছয় জাতি আলোচনা পুনরায় শুরু হয়। পাঁচ দিনের আলোচনা শেষে যৌথ বিবৃতিতে শুধু বলা হয়েছে, খুব শিগগির আবার বসার ব্যাপারে তাদের মধ্যে মতৈক্য হয়েছে। তবে চীনের প্রতিনিধি উ দাউই’র পাঠ করা ওই বিবৃতিতেও সুনির্দিষ্ট কোনো তারিখের উল্লেখ ছিল না।
গত ৯ অক্টোবর উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালানোর পর বেইজিং বৈঠকের দিকে দৃষ্টি ছিল সবার। কিন্তু মূলত উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি অভিযোগে এবারও ব্যর্থ হল আলোচনা।
উত্তর কোরিয়ার দাবি ছিল, অর্থনৈতিক সংকোচন নীতির মাধ্যমে তাদেরকে কোনঠাসা করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা আগে বন্ধ করতে হবে। জবাবে যুক্তরাষ্ট্রের বক্তব্য, ‘অর্থনৈতিক কড়াকড়ি’ আর ‘পরমাণু নিরস্ত্রীকরণ’ দুটি ভিন্ন বিষয়, অজুহাত দেখাতেই এমন বিষয় তুলছে উত্তর কোরিয়া।
২০০৫ সালের সেপ্টেম্বর বৈঠকের সমঝোতা অনুসারে অর্থনৈতিক সহায়তা এবং আক্রমণ-না করার নিশ্চয়তাসহ সামরিক নিরাপত্তার বিনিময়ে পরমাণু কর্মসূচি থেকে সরে আসার আশ্বাস ছিল উত্তর কোরিয়ার। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই সমঝোতা ভেঙ্গে যায়।
এ বিষয়ে তাদের বক্তব্য, মার্র্কিন অর্থনৈতিক কড়াকড়ি আরোপের কারণেই সমঝোতা থেকে বেরিয়ে এসেছে তারা। অন্যদিকে মার্কিনিদের অভিযোগ ‘মানি লন্ডারিং ও ডলার জালিয়াতির’ কারণেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
