মালয়েশিয়ায় বন্যায় ৭৫ হাজার ঘরছাড়া
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। এ পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘরছাড়া হয়েছে প্রায় ৭৫ হাজার মানুষ।
সে দেশের সংবাদ সংস্থাগুলো শুক্রবার এ কথা জানায়।
প্রবল বৃষ্টিপাতের ফলে এ বন্যার সৃষ্টি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সিঙ্গাপুর সীমান্তবর্তী জোহর প্রদেশ। সেখানে প্রায় ৬৫ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্কুল ও প্রশাসনিক ভবনে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা বারনামা। বন্যায় ওই প্রদেশের মুয়ারসহ বিভিন্ন শহর তলিয়ে গেছে। খুব শিগগির পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টাও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
সংস্থাটি জানায়, পুলিশ শুক্রবার বিভিন্ন স্থান থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সেদেশের উপ প্রধানমন্ত্রী নাজিব রাজাক উপদ্রুত এলাকা পরিদর্শন এবং ত্রাণ কার্যক্রমের খোঁজ খবর নেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
মালয়েশিয়ার ওই অঞ্চলে এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। বিজ্ঞানমন্ত্রী জামালুদ্দিন জারজিস অতিবৃষ্টির জন্য সাম্প্রতিক টাইফুন উতরকে দায়ী করেন।
