আত্মঘাতী বোমায় কাবুলে আহত ৮
আফগানিস্তানের কাবুলে আত্মঘাতী বোমা হামলায় শুক্রবার কমপক্ষে আট জন আহত হয়েছে। এক সংসদ সদস্যকে লক্ষ করে এ হামলা চালানো হয়।
পুলিশ জানায়, হামলাকারী নিজের শরীরে বোমা বেঁধে বাদশাহ খান জাদরানের গাড়িতে লাফিয়ে উঠেই বিস্ফোরণ ঘটায়। বাদশাহ খানও তখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন। কিন্তু তার দেহরক্ষীরা তৎপরতার সঙ্গে তাকে সরিয়ে নেয়। ফলে সংসদ সদস্য নিজে বেঁচে গেলেও তার তিন দেহরক্ষী আহত হয়। এছাড়া আহত হয় পাঁচ পথচারী। বিস্ফোরণে গাড়িটি বিধ্বস্ত হয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তা আলিশা পাকতিওয়াল জানান, এর একদিন আগেও ওই সংসদ সদস্যকে হত্যার চেষ্টা হয়েছিল। তবে পুলিশ তা ব্যর্থ করে দেয়।
