২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় জাতি আলোচনায় আলোর রেখা

উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয় জাতি আলোচনায় এই প্রথম আলোর রেখা ফুটে উঠেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Dec 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বৃহস্পতিবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল জানিয়েছেন, গত সেপ্টেম্বরের সমঝোতা অনুযায়ী একটি যৌথ বিবৃতি দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া প্রায় একমত হয়েছে। শুক্রবারই বিষয়টি চূড়ান্ত হবে বলে তার আশা।

এরপরও সতর্ক করে দিয়ে মার্কিন সহকারী মন্ত্রী বলেন, “এখনো অনেক বিষয়ে সমঝোতা হতে হবে। আসল আলোচনা তো মাত্র শুরু হল। নীতিগত ভাবে একমত হওয়ার চেয়ে তার প্রয়োগটাই কঠিন।”

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে ছয় জাতি আলোচনা এক বছরের বেশি সময় ধরে বন্ধ ছিল। এর মধ্যে গত অক্টোবরে পরমাণু পরীক্ষা চালিয়ে আরো বিরাগভাজন হয় দেশটি। জাতিসঘের নিষেধাজ্ঞার মুখেও পড়ে তারা। পরবর্তীকালে নানামুখী উদ্যোগের ফলে গত সোমবার বেইজিংয়ে সে আলোচনা পুনরায় শুরু হয়।

শুরুর দিনেই উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। তিন দিনের আলোচনায় কোনো ফল না আসায় ক্রমেই হতাশা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। এর মধ্যেই আবার দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যায় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া।