ব্লেয়ারের ‘ঘৃণ্য’ সমালোচনা প্রত্যাখ্যান করেছে ইরান
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তেহরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোয় এর তীব্র বিরোধিতা করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলী হোসেইনি ব্লেয়ারের এ মন্তব্যকে ‘ঘৃণ্য’ এবং ব্রিটেনের পক্ষ থেকে ‘আঞ্চলিক বিষয়ে ধ্বংসাত্মক হস্তক্ষেপের’ সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে আখ্যায়িত করেছেন।
এক বিবৃতিতে হোসেইনি বলেন, “ব্রিটেনের নেতিবাচক ও সমস্যাজনক আচরণ এবং বুশ ও ব্লেয়ারের যুদ্ধবাজ ও একপাক্ষীক নীতি এ অঞ্চলে উত্তেজনা ও উগ্রবাদের জন্ম দিচ্ছে এবং এখানকার মানুষকে তাদের নীতির প্রতি বিদ্বেষী করে তুলছে।”
“কিন্তু ব্লেয়ারের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব ও ভালো প্রতিবেশীসুলভ আচরণকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না।”
দুদিনের দুবাই সফরে ব্লেয়ার মঙ্গলবার এ অঞ্চলের মধ্যপন্থী নেতাদের গণতন্ত্র ও উগ্রবাদের মধ্যকার ‘ঐতিহাসিক সংঘাতে’ যোগ দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “ইরান সরকার কৌশলগত যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তা আমাদের চিহ্নিত করতে হবে। দেশটির জনগণ নয়, সম্ভবত এর সরকারের অনেকেও নয়, বরং এর নীতি নির্ধারণে যারা জড়িত আছেন তারাই এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।”
“আমাদের উদ্দেশ্য হলো তারা কি করছে তা প্রকাশ, এসব তৎপরতা বন্ধে একটি আঞ্চলিক জোট গঠন এবং ওইসব লোকজনকে এ অঞ্চলে কোণঠাসা করা।”
যুক্তরাষ্ট্রের মতো ব্রিটেনেরও অভিযোগ ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় এবং তারা ইরাক, লেবানন, ইসরায়েল ও ফিলিস্তিনে অস্থিতিশীলতায় মদদ দিচ্ছে। তবে ইরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে।
