অবসরে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাপ্রধান আবিজাইদ
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনী প্রধান জেনারেল জন আবিজাইদ অবসর নিচ্ছেন। বুধবার লস এঞ্জেলেস টাইমস এখবর দিয়েছে। তাতে বলা হয়, আগামী মার্চেই অবসর নেবেন এ সেনা কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা দফতরেরর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, “প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের পদত্যাগের কয়েক দিন আগেই আবিজাইদ তার অবসর নেওয়ার ইচ্ছা জানিয়ে পেন্টাগনে চিঠি দেন।”
ওই কর্মকর্তা আরো বলেন, “যেহেতু ইরাকে কৌশল পরিবর্তিত হচ্ছে, তাই তার চলে যাওয়াটাই শ্রেয়।”
মধ্যপ্রাচ্যে সেনা প্রধান হিসেবে আবিজাইদের মেয়াদ ২০০৭ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা।
লস এঞ্জেলেস টাইমস বলেছে, আবিজাইদের সরে যাওয়ার পরিকল্পনা প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের নতুন কাউকে বেছে নেওয়ার পথ সুগম করল।
গত মাসে জন আবিজাইদ কংগ্রেসে বলেছিলেন, সংঘাত হ্রাসে মার্কিন সেনাদের ইরাকে থেকেই সে দেশের বাহিনীকে প্রশিক্ষিত করা উচিত। সে সময় তিনি ইরাকে সৈন্য সংখ্যা বৃদ্ধি কিংবা সৈন্য প্রত্যাহার, দুটি প্রস্তাবেরই বিরোধিতা করেন।
