২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার দায়ে ভারতীয় রাজনীতিবিদের ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রভাবশালী সদস্য বিনোদ শর্মার ছেলের বিরুদ্ধে এক মডেলকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Dec 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

ভারতীয় হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার ওই মামলার রায় ঘোষণা করেন।

হরিয়ানার মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মা জেসিকা লাল (৩৪) নামে এক মডেলকে গুলি করে হত্যা করেছিলেন ১৯৯৯ সালের এপ্রিল মাসের শেষ দিনে।

ওই দিন নয়াদিল্লির কুতুব কলোনেডে আয়োজিত এক জমকালো পার্টিতে মনু তার কয়েক বন্ধু নিয়ে যোগ দিয়েছিলেন। বার বন্ধ হয়ে যাওয়ায় এর দায়িত্বে থাকা জেসিকা মনু শর্মা ওরফে সিদ্ধার্থ ভাসিস্থকে মদ খাওয়াতে অস্বীকার করেন। এরপর মনু তাকে গুলি করেন।

বিচারপতি আরএস সোধী ও বিচারপতি পিকে ভাসিনের সমন্বয়ে গঠিত ভারতীয় হাইকোর্টের ওই বেঞ্চ মামলার রায়ে বলেন, “এই মামলাটি ফৌজদারি মামলার বিচার ব্যবস্থার ওপর সমাজের আস্থাকে নাড়িয়ে দিয়েছিল। তাকে যদি আমরা যাবজ্জীবন কারাদণ্ড দেই তবে সুষ্ঠু বিচার হবে।”

আদালত মনুকে জেসিকা লালের পরিবারকে ৫০ হাজার রুপী ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দেন।

এর আগে মনুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয় সোমবার। বিচারকরা তখন বলেছিলেন, “সিদ্ধার্থ ভাসিস্থ ওরফে মনু শর্মা যে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন তাতে আমাদের কোনো সন্দেহ নেই।”

সাত বছর ধরে বোনের হত্যার বিচার চেয়ে বারবার আদালতে ধর্না দিয়েছেন জেসিকার বোন সাবরিনা লাল। মামলার রায় ঘোষিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মনু শর্মার উপযুক্ত শাস্তি হয়েছে। আমি খুবই খুশি।”

জেসিকার পরিবারের সদস্য ও বন্ধুরা বরাবরই অভিযোগ করে আসছিলেন পুলিশ অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছে।

এ প্রেক্ষাপটে মনুকে বছরের প্রথমার্ধে নিম্ন আদালত হত্যার অভিযোগ থেকে অব্যাহতি দেয়। এরপর থেকে জনমনে ও প্রচারমাধ্যমে এ নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে মনুকে অব্যাহতি দেওয়ায় আবারও প্রমাণিত হলো ধনী ও ক্ষমতাশালীরা সবসময়ই আইনের ঊর্ধ্বে থাকে।

জেসিকার হত্যার বিচার চেয়ে এরপর প্রতিবাদকারীরা মোমবাতি জ্বালিয়ে, মোবাইল ফোনে ম্যাসেজ লিখে প্রচারণা চালান। একটি টিভি চ্যানেল দুই লাখেরও বেশি মানুষের স্বাক্ষরসহ প্রেসিডেন্টের কাছে একটি স্মারকলিপিও পাঠায়।