বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রণয়ন করেছে ভারত
বাল্যবিবাহ রোধে কঠোর আইন প্রণয়ন করেছে ভারত। মঙ্গলবার পাশ হওয়া নতুন এই আইন প্রসঙ্গে নারী ও শিশু বিষয়ক মন্ত্রী রেনুকা চৌধুরী বলেন, “‘প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ বিল ২০০৬’ বাল্যবিবাহ থেকে কন্যা শিশুদের রক্ষায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে।”
লোকসভায় প্রশ্ন ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “আমার ১৫ বছরের মেয়ে যদি ভোট দান বা গাড়ী চালানোর অনুমতি না পায় স্রেফ বয়সে ছোট বলে, তাহলে কিভাবে আমি ভাবতে পারি সে বিয়ের উপযুক্ত?”
ভারতে মেয়ে ও ছেলেদের ক্ষেত্রে বিয়ের বয়স হচ্ছে যথাক্রমে ১৮ ও ২১ বছর। নতুন আইন অনুযায়ী কোনো পুরুষ কন্যাশিশু বিয়ে করলে তাকে এবং ওই বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের দুই বছর জেলসহ ১০ লাখ রুপী জরিমানা করা হবে।
এর আওতায় যাজক, পুরোহিত, ধর্মীয় নেতা, পুলিশ বা স্থানীয় নেতারা বাল্যবিবাহের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাদের আইন অনুযায়ী শান্তির ব্যবস্থা থাকছে।
শিশু অধিকার বিষয়ক সংস্থার কর্মীরা অবশ্য বলছেন, ভারতে বিয়ের ক্ষেত্রে মেয়েদের গড় বয়স গত দুই দশকে বেড়েছে। তবে সরকারি এক জরিপে দেখা গেছে, এদের মধ্যে ৫৬ শতাংশ মেয়েরই বিয়ে হয়েছে ১৮ বছরের কম বয়সে।
বাল্য বিবাহের কারণে প্রসবকালীন মাতৃমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রতি সাত মিনিটে গর্ভকালীন জটিলতায় মারা যান একজন।
নতুন এই আইনটিকে স্বাগত জানিয়েছেন শিশু অধিকার কর্মীরা। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্যা চিলড্রেনের ‘বাচপান বাঁচাও আন্দোলন’ এর কর্মকর্তা কৈলাশ সত্যবতী নতুন এই আইনটি সম্পর্কে বলেন, “বাল্যবিবাহ একটি পাশবিক কাজ। আমি খুব খুশি যে কন্যাশিশুদের ক্ষমতায়ন এবং সুন্দর ভবিষ্যত নির্মাণে এই আইনটি কার্যকর ভূমিকা রাখবে।”
