ইরাকে আরো সেনা পাঠাতে চান বুশ
স্বল্প মেয়াদের জন্য ইরাকে সেনা সংখ্যা বাড়াতে চান বুশ। বিষয়টি নিয়ে পেন্টাগনের সঙ্গে বুশের বিরোধের কথা অস্বীকার করে প্রেসিডেন্টের এক মুখপাত্র মঙ্গলবার একথা জানান।
কিছুদিনের মধ্যেই আরো ২০,০০০ মার্কিন সেনা ইরাকে পাঠানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম। হোয়াইট হাউস ধারণা করছে বর্তমান পরিস্থিতিতে আগামী বছর জুড়ে ইরাকে প্রতি সপ্তাহে ২ শ’ কোটি ডলার খরচ হবে। কিন্তু নতুন ২০,০০০ সেনা যোগ দিলে ব্যায়ের পরিমাণ কত দাঁড়াবে সে সম্পর্কে কিছু বলেননি তারা। এ অতিরিক্ত খরচ যোগাতে বুশকে বেগ পেতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, ইরাক স্টাডি গ্রুপের প্রতিবেদনে স্বল্প মেয়াদের জন্য ইরাকে সেনা সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছিল।
ওয়াশিংটন পোস্টে মঙ্গলবারের এক সাক্ষাৎকারে বুশ বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য সেনা সংখ্যা বাড়াতে চান তিনি। পত্রিকাটি জানায় ওই সেনা বৃদ্ধি শুধুমাত্র ইরাকের জন্য নয় বরং ‘বিশ্বজুড়ে মুসলিম সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে কৌশলগত লড়াইয়ের জন্য প্রয়োজন বলে বুশ মনে করেন।
পত্রিকাটির অন্য এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে পেন্টাগন-বুশ বিরোধের কথা অস্বীকার করে মুখপাত্র টনি স্নো বলেন, “আমার মনে হয় প্রেসিডেন্ট এবং জয়েন্ট চিফদের মধ্যে একটা বিবাদ সৃষ্টি করতে চাইছে কিছু মানুষ। কিন্তু বাস্তবে এর কোন অস্তিত্ব নেই।
