২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় আবারো সংঘর্ষ, নিহত ৩

গাজায় আবারো সংঘর্ষ বেঁধেছে হামাস ও ফাতাহ গ্রুপের। মঙ্গলবার দুই পক্ষের বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিন জন। শিশুসহ আহত হয় কমপক্ষে ২৩ জন। সংঘাত বন্ধে দুই পক্ষের মধ্যে সমঝোতার দুই দিনের মাথায় এ সংঘর্ষ বাঁধে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি অনুগত এক গোয়েন্দা কর্মকর্তাকে হামাস নিয়ন্ত্রিত পুলিশ সদস্যরা ধরতে গেলে সকালে প্রথম সংঘর্ষ বাধে। ওই সময় ঘটনাস্থল গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতাল রণক্ষেত্রে রূপ নেয়। উভয় পক্ষের গোলাগুলিতে নিহত হয় হামাস সমর্থক পুলিশ। সংঘর্ষে আরো কমপক্ষে ১১ জন আহত হয়।

ঘটনার পর হামাস ও ফাতাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দু’পক্ষের বন্দুকযুদ্ধে নিহত হয় আরো দুই জন। নিহতরা ফাতাহ সমর্থক বলে জানা যায়। সংঘর্ষে পাঁচটি শিশুও আহত হয়।

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনে সংঘর্ষের ঘটনা বেড়ে যায়। হামাসের অভিযোগ, আব্বাস অসাংবিধানিকভাবে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চাইছে।

সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক মাহমুদ আব্বাস বলেন, তিনি আগাম নির্বাচন দিতে চান। তবে পশ্চিমা দেশগুলোর সমর্থন ফিরিয়ে আনতে ফাতাহ গ্রুপের সমন্বয়ে একটি জোট সরকার গঠনের বিষয়টি যদি হামাস মেনে নেয় তাহলে ভিন্নভাবে ভাবা যেতে পারে।