দারফুরে সেনা মোতায়েনের শেষ চেষ্টায় আনান
দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে সুদান সরকারকে সম্মত করাতে শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কফি আনান। কূটনীতিকরা সোমবার এ খবর জানিয়েছেন।
দারফুরে মোতায়েন আফ্রিকান ইউনিয়নের সেনাবাহিনীকে শক্তিশালী করতে একটি বহুজাতিক বাহিনী দারফুরে পাঠানোর বিষয়ে সুদান সরকারকে রাজি করাতে শীর্ষ কূটনীতিক আহমেদাউ আউলদ আবদাল্লাকে খার্তুমে পাঠানোর পরিকল্পনার কথা এক নতুন মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের জানান কফি আনান। বুধবার নাগাদ অউলদ আবদাল্লাহ খার্তুম পৌঁছবেন। তিনি কফি আনানের পক্ষ থেকে একটি বার্তা নিয়ে যাবেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বাসিরের কাছে।
বিদায়ী মহাসচিব আরো জানান, ২০০৭ সালের ১ জানুয়ারি বান কি মুন দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত সাধারণ পরিষদের সাবেক প্রেসিডেন্ট সুইডেনের জ্যান এলিয়াসন সুদানে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করে যাবেন।
এ প্রসঙ্গে জাতিসংঘের ফরাসী দূত জাঁ মার্ক ডি লা সাবলিয়ের সাংবাদিকদের বলেন, “আমাদের এখন বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। আমাদের কাজ করতে হবে। সুদানের প্রেসিডেন্টের কাছে পাঠানো কফি আনানের চিঠি ইতিবাচক ফল বয়ে আনবে এ ব্যাপারে আমরা খুবই আশাবাদী।”
দারফুরে এখন আফ্রিকান ইউনিয়নের ৭ হাজার সৈন্য রয়েছে। শান্তি প্রতিষ্ঠায় বাহিনীটিকে আরো শক্তিশালী করতেই জাতিসংঘের এই কূটনৈতিক তৎপরতা।
