ছয় জাতি আলোচনায় অগ্রগতি নেই
উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে ছয় জাতির আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ক্রিস হিল এ কথা জানান। সোমবার বেইজিংয়ে এ আলোচনা শুরু হয়।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস হিল বলেন, “আলোচনায় অগ্রগতি হয়েছে, এমন কথা বলা খুবই কঠিন। এটা আমাদের জন্য হতাশাজনক।”
তিনি বলেন, “বিষয়টি নিয়ে আমাদের অবশ্যই একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে। এক্ষেত্রে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে উত্তর কোরিয়াকেও। বাস্তবতার আলোকেই আলোচনাগুলো হওয়া উচিত।”
মার্কিন প্রতিনিধি আরো বলেন, “উত্তর কোরিয়ার খাদ্য, বিদ্যুৎ, স্কুল প্রয়োজন। প্রয়োজন স্বাস্থ্য কেন্দ্র, রাস্তা-ঘাট, এয়ারপোর্টসহ অনেক কিছু। এটা তাদের ভাবতে হবে। বাস্তবতা বিবর্জিত আলোচনা কোনো কাজে আসবে না।”
তবে অন্য দেশগুলোর প্রতিনিধিরা আশা করছেন, আলোচনা এগিয়ে চললে উত্তর কোরিয়াও ক্রমশ সহযোগিতাপরায়ণ হয়ে উঠবে।
এক বছরের বেশি সময় ধরে স্থগিত থাকার পর ছয় জাতি আলোচনা পুনরায় শুরু হয়।
