গাজায় আবারো সংঘর্ষ, নিহত ১
গাজায় আবারো সংঘর্ষ বেঁধেছে হামাস ও ফাতাহ গ্রুপের। মঙ্গলবার গোলাগুলিতে নিহত হয়েছে হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর এক সদস্য। সংঘাত বন্ধে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ার দুই দিনের মাথায় এ সংঘর্ষ বাঁধে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি অনুগত এক গোয়েন্দা কর্মকর্তাকে হামাস নিয়ন্ত্রিত পুলিশ সদস্যরা ধরতে গেলে ওই সংঘর্ষ বাধে। এ সময় ঘটনাস্থল গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র শিফা হাসপাতাল রণক্ষেত্রে রূপ নেয়। উভয় পক্ষের গোলাগুলিতে নিহত হয় হামাস সমর্থক পুলিশ। সংঘর্ষে আরো কমপক্ষে ১১ জন আহত হয়।
হামাস সমর্থক পুলিশ বলছে, ওই গোয়েন্দা কর্মকর্তা এর আগে বেশ কয়েকটি সংঘর্ষে জড়িত ছিল।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ফিলিস্তিনে সংঘর্ষের ঘটনা বেড়ে যায়। হামাসের অভিযোগ, আব্বাস অসাংবিধানিকভাবে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করতে চাইছে।
সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক মাহমুদ আব্বাস বলেন, তিনি আগাম নির্বাচন দিতে চান। তবে পশ্চিমা দেশগুলোর সমর্থন ফিরিয়ে আনতে ফাতাহ গ্রুপের সমন্বয়ে একটি জোট সরকার গঠনের বিষয়টি যদি হামাস মেনে নেয় তাহলে ভিন্নভাবে ভাবা যেতে পারে।
