ক্যান্সারে আক্রান্ত লরা বুশ
মার্কিন ফার্স্ট লেডি লরা বুশ ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। অক্টোবর মাসের শেষ দিকে বায়োপসি করে স্কিউয়ামাস সেল কারকিনোমা নামে (এসসিসি) এ ত্বক ক্যান্সারের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ফার্স্ট লেডির মুখপাত্র সুসান হুইটসন এ তথ্য জানান।
তিনি জানান, ডান পায়ের হাঁটুর একটি ক্ষত পরীক্ষায় ক্যান্সার ধরা পড়লেও হাঁটাচলায় কোন সমস্যা হচ্ছে না। এমনকি সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানেও তিনি যোগ দিয়েছেন। তবে এ সময় তার পায়ে ব্যান্ডেজ দেখা গেছে।
হুইটসন আরো জানান, যথাযথ চিকিৎসা দেওয়ায় লরার পায়ের ক্ষত ধীরে ধীরে সেরে যাচ্ছে।
এদিকে স্কিন ক্যানসার ফাউন্ডেশন এর ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রতি বছর যুক্তরাষ্ট্রে দুই লাখেরও বেশি ব্যক্তি এ রোগে আক্রান্ত হয়। ফাউন্ডেশন জানায়, “অধিকাংশ এসসিসি ক্যান্সার মারাত্মক পর্যায়ের নয়। প্রাথমিক অবস্থায় সনাক্ত করা গেলে এবং যথাযথ চিকিৎসা করা গেলে তা পুরোপুরি সেরে যায়।”
তারা আরো জানায়, অধিকাংশ ক্ষেত্রে এ ক্যান্সারের প্রধান কারণ হল অতিরিক্ত সূর্যরশ্মির সংস্পর্শে আসা। তবে এটি তেমন ছড়ায় না।
