২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নিলেন গেটস

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, যে উদ্বেগ থেকে অনেকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের কথা বলছেন, তা আমিও উপলব্ধি করতে পারছি। কিন্তু সেখানে যদি আমরা ব্যর্থ হই, তবে সে ক্ষত দীর্ঘকাল মার্কিনিদের তাড়া করে ফিরবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 12:47 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সোমবার শপথ নেয়ার পরপরই পেন্টাগনে এক ভাষণে তিনি একথা বলেন। স্থানীয় সময় সকাল সাতটা তিন মিনিটে হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে শপথ নেন রবার্ট গেটস। এর পরপরই পেন্টাগনে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অভিষেক অনুষ্ঠানে হাজির হন তিনি। ভাইস প্রেসিডেন্ট ডিক চেনিও উপস্থিত ছিলেন সেখানে।

হোয়াইট হাউজে শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট জর্জ বুশ বলেন, “মার্কিন জাতি এখন যুদ্ধের মধ্যে রয়েছে। আমি আশা করি, শত্রু দমন এবং একটি মুক্ত পৃথিবী গড়তে আমাদের সেনারা বিশ্বের বিভিন্ন স্থানে যে দায়িত্ব পালন করছে, তা আরো সুচারুরূপে সম্পন্ন করতে পরামর্শক হিসেবে নতুন প্রতিরক্ষামন্ত্রী বিজ্ঞতার সঙ্গে কাজ করবেন। তার সে যোগ্যতা আছে বলেই আমি বিশ্বাস করি।”

প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইরাক পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন রবার্ট গেটস। পেন্টাগনে ভাষণে তিনি বলেন, “আমরা সবাই চাই, ইরাকে দায়িত্বরত আমাদের ছেলে-মেয়েরা আমাদের কাছে ফিরে আসুক। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মধ্যপ্রচ্যে আমাদের ব্যর্থ হলে চলবে না। সেখানে যে কোনো ব্যর্থতা বিশাল বিপর্যয় নিয়ে আসবে। আর সে ক্ষত দীর্ঘকাল মার্কিনিদের তাড়া করে ফিরবে।”

খুব শিগগির ইরাক সফরে যাওয়ার পরিকল্পনাও তার রয়েছে বলে জানালেন গেটস। সেখানে পরিস্থিতির উন্নয়নে কী কী করা প্রয়োজন তা নিয়ে কমান্ডারদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সতর্ক করে রবার্ট গেটস বলেন, “দেশটির জনগণ এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আমরা সে দেশের জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ এবং তা মনে রেখেই সেখানে আমাদের কাজ করতে হবে।”

ছয় মিনিটের ভাষণে রবার্ট গেটস দায়িত্ব পালনে প্রেসিডেন্ট বুশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

৬৩ বছর বয়সী রবার্ট গেটস আগামী ২০০১ জানুয়ারি দায়িত্ব নেবেন পূর্বসূরি ডোনাল্ড রামসফেল্ডের কাছ থেকে। ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।