২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস নিয়ে ঘরে ফেরা

এইচআইভি পজিটিভ সন্তোস শ্রীবাস্তবের অভিব্যক্তিতে প্রকাশ হয়ে পড়ছিল তার ভেতরের যন্ত্রণা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2006, 11:49 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

নিজ এলাকা থেকে দূরে ভারতের বিভিন্ন অঞ্চলে থাকার সময় কিভাবে এইচআইভি পজিটিভে আক্রান্ত হন সে কথাই বর্ণনা করছিলেন তিনি।

বিদেশ বিভুঁইয়ে যৌনকর্মীদের সংস্পর্শে তার দেহে সংক্রমণ ঘটে এইচআইভি বা এইডস রোগের ভাইরাসের।

“আমি আসলে কি করছি তা আমি কখনো ভেবে দেখিনি,” অসহায়, চাপা কষ্টগুলো এভাবেই বেরিয়ে আসে বিহার রাজ্যের পাটনার বাসিন্দা সন্তোষের মুখ থেকে।

সন্তোষের অবশ্য দুঃখ করা ছাড়া কোনো পথ নেই। এখন তিনি যক্ষ্মা রোগেও ভুগছে। স্ত্রী তাকে ঘরে ঢুকতে দেন না।

“স্ত্রীর আচরণ আমাকে ভীষণ আঘাত করেছে, আমরা কি আসলেই জীবনসঙ্গী ছিলাম?” আক্ষেপ করে বলেন চার সন্তানের জনক সন্তোষ শ্রীবাস্তব।

শিল্পায়ন ও শহরায়নের কারণে শুধু তিনি একা নন, এমনি হাজারও সন্তোষ জীবিকার তাগিদে নিজেদের এলাকা থেকে পাড়ি জমান ভারতের দক্ষিণ ও পশ্চিমের অপেক্ষাকৃত সমৃদ্ধ ও প্রাচুর্যময় শহরগুলোতে।

বাণিজ্য নগরী নামে পরিচিত মুম্বাই, ব্যাঙ্গালোরে কাজের সন্ধানে আসা বহু বিহারী অভিবাসী যৌনকর্মীদের সঙ্গে অবাধে মেলামেশা করেন। এরপর এর ভয়াবহ পরিণতি শরীরে নিয়ে ফিরে যান। স্ত্রীরাও এদের থেকে এইচআইভি সংক্রমণের শিকার হন। সংক্রমণের শিকার হয় গর্ভস্থ সন্তান।

জাতিসংঘের হিসেব অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক এইচআইভি পজিটিভ ও এইডস আক্রান্ত মানুষ বাস করে এই ভারতেই। বর্তমানে দেশটির প্রায় ৫৭ লাখ মানুষ এইচআইভি ভাইরাসে বা এইডসে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।

জাতিসংঘের এইডস বিরোধী সংস্থা ইউএনএইডসের ভারত প্রতিনিধি ডেনিস ব্রাউন বলেন, “বিহারসহ অন্যান্য গরীব রাজ্য থেকে বিভিন্ন শহরে কাজের সন্ধানে যারা আসেন তাদের মধ্যে এইডস বিরোধী সচেতনতা গড়ে তোলার জন্য সুনির্দিষ্ট প্রচারণা থাকা দরকার।”

ভারতের বড় বড় শহরগুলোতে বিহারীরা ট্যাক্সি ড্রাইভার, মেকানিক, নিরাপত্তা প্রহরী বা গৃহপরিচারক হিসেবে কাজ করে থাকেন।

শুধুমাত্র বিহারেই দারিদ্রসীমার নিচে বাস করেন ৪২ শতাংশ মানুষ।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্র মোহন রায় এ প্রসঙ্গে বলেন, “বিহারে এইচআইভির ভয়াবহ সংক্রমণের জন্য দারিদ্র্যই মূলত দায়ি।”

তবে এইচআইভি বা এইডসের প্রাদুর্ভাব রুখতে ইতোমধ্যে ভারতের বিভিন্ন প্রদেশে নেওয়া হয়েছে নানান কর্র্মসূচি।

এইডস বিরোধী সচেতনতা বাড়ানোর জন্য ছাপানো একটি পোস্টারের গায়ে লেখা ‘আমি এইডস সম্পর্কে সচেতন। তাই যেখানেই অবস্থান করি না কেন নিজের প্রতি বিশ্বস্ত থাকি।’

পোস্টারটির পেছনে একটি ছবি: ট্রেনের অপেক্ষায় স্যুটকেস নিয়ে বসে আছেন একজন।