ইংল্যান্ডে ৫ তরুণী হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
ইংল্যান্ডের পূর্বাঞ্চলে পাঁচ যৌনকর্মী হত্যার ঘটনায় ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ইপসউইচ শহরের দক্ষিণ-পূর্বে ফেলিক্সটাও এলাকায় নিজ বাড়ি থেকে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়।
ওই যৌনকর্মীরা ১১ দিনের মধ্যে ইপসউইচ শহর ও আশেপাশের এলাকায় খুন হন। পুলিশ তাদের নগ্ন মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট গাল এক সংবাদ সম্মলনে বলেন, “পাঁচ তরুণীর সবাই– জেমা অ্যাডামস, টানিয়া নিকোল, আনেলি আলডারটন, পাউলা ক্লেনেল ও অ্যানেট নিকোলসকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাফকের একটি থানায় রাখা হয়েছে এবং শিগগিরই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।” পুলিশ এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি।
