ইরাকে সেনা প্রশিক্ষক ৩ গুন করবে যুক্তরাষ্ট্র
ইরাকে মার্কিন সেনা প্রশিক্ষকদের সংখ্যা ৩ গুন বাড়িয়ে ৯,০০০ করবে যুক্তরাষ্ট্র। ব্রিগেডিয়ার জেনারেল ডানা পিটার্ড রোববার বাগদাদে একথা জানান।
২০০৮ সালের প্রথমদিকে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিতে স্থানীয় পুলিশ এবং সেনাদের প্রশিক্ষণ জোরদার করার লক্ষে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ব্রিগেডকে প্রশিক্ষণের পাশাপাশি ইউনিটগুলোর গোষ্ঠীগত আনুগত্যের প্রবণতার বিষয়টিও লক্ষ্য রাখবে মার্কিনিরা।
জেনারেল ডানা পিটার্ড বলেছেন, আগামী কয়েকমাসের মধ্যেই প্রশিক্ষক দলগুলোর আকার বাড়িয়ে দ্বিগুণ বা তিন গুন করব আমরা। তিনি বলেন, ইরাকি পুলিশের নয়টি ব্রিগেডের প্রতিটিকে একমাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিমাসে একটি করে নয় মাসে নয়টি ব্রিগেডকে প্রশিক্ষণ দেওয়া হবে। ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বর্তমানে সেখানে ৩,০০০ প্রশিক্ষক রয়েছে বলেও জানান তিনি।
বিশেষজ্ঞরা বলছেন ইরাকি নিরপত্তা বাহিনীকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিয়া সুন্নি গোষ্ঠীগত বিভেদ একটি বড় বাঁধা। এ বিষয়ে জেনারেল পিটার্ড বলেন, এ প্রবণতা এখন আগের চেয়ে অনেক কমে এসেছে। ইরাকি সরকার এবং আমরা বিষয়টির দিকে নজর রাখছি।
জেনারেল পিটার্ডের মতে ইরাকি বাহিনীর জন্য তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক. সেনাবাহিনীর একটি ‘ইউনিফর্ম কোড অফ জাস্টিস’ না থাকার ফলে কমান্ডাররা সেনাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। দুই. এজন্য সেনাবাহিনীর শৃঙ্খলা না থাকা। তিন. একটি জাতীয় ব্যাঙ্কিং ব্যবস্থা না থাকায় সেনা পরিবারগুলোর কাছে নিয়মিত বেতন ভাতা পাঠাতে না পারা। ফলে সেনারা বাড়িতে টাকা পয়সা পৌঁছে দিতে গিয়ে অনির্ধারিত ছুটি কাটাচ্ছে এবং আসা যাওয়ার খরচ দিতে গিয়েই তাদের সামান্য বেতনের অনেকটাই শেষ হয়ে যাচ্ছে।
