২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে রেড ক্রিসেন্ট কর্মী অপহরণ, সবধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিলেন ব্লেয়ার

আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রিসেন্টের বাগদাদ কার্যালয় থেকে রোববার প্রায় ২০ কর্মীকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 03:53 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এদিকে যুদ্ধ বিধ্বস্ত ইরাকের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন সেদেশ সফরকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

রেড ক্রিসেন্ট কর্মীদের গণঅপহরণের ঘটনার পর ব্লেয়ার এ প্রতিশ্রুতি দেন।

বাগদাদ পুলিশ জানায়, পুলিশের ছদ্মবেশে বেশ কয়েকজন বন্দুকধারী রেড ক্রিসেন্টের বাগদাদ কার্যালয়ে ঢুকে পড়ে এবং ১০ থেকে ২০ জন কর্মীকে অপহরণ করে। তবে অপহৃত কর্মীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। অপহৃতদের মধ্যে রেড ক্রিসেন্টের কর্মী, দর্শনার্থী ও প্রহরী রয়েছে বলে জানান তারা।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত বন্দুকধারীরা পিকআপে চড়ে এসেছিল। তারা বেছে বেছে পুরুষ কর্মীদের নিয়ে যায়।

ওই ঘটনার পর জেনেভায় অবস্থিত ‘ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেডক্রস’ এর মুখপাত্র আন্তোনিলা নোটারি অপহৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, ইরাকের ১৮টি প্রদেশে একমাত্র দাতব্য সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট। দেশটিতে তাদের এক হাজার কর্মী এবং ২০ লাখ স্বেচ্ছাসেবী রয়েছেন।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার তার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে রোববার আকস্মিকভাবে ইরাক সফর করেন।

ইরাকের জাতিগত দাঙ্গা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ সেনারা ইরাক সরকারকে সম্ভাব্য সবধরনের সাহায্য করবে বলে ব্লেয়ার ঘোষণা করেছেন।

শিয়া-সুন্নিদের মধ্যকার সংঘর্ষ ও দাঙ্গা বন্ধে জাতীয় সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলাপ করার পাশাপাশি ইরাকের নিরাপত্তা বাহিনীকে জোরদার করতে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সে বিষয়ে ব্লেয়ার ও ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি আলোচনা করেন।

এরপর এক সাংবাদিক সম্মেলনে ব্লেয়ার বলেন, “আমরা ইরাককে আমাদের সাধ্যের মধ্যে সবধরনের সাহায্য করতে চাই যাতে করে ইরাক সরকার এবং এর জনগণ এক সময় দেশটির পুরো দায়দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে পারে।’

এদিকে ঘণিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের এই সফরকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের ভরাডুবির পর ইরাকে তার কৌশলগত পরিকল্পনা পরিবর্তন প্রক্রিয়ার একটি অংশ হিসেবে দেখছেন অনেকে।