কাশ্মীরে কারা বিদ্রোহ, আহত ১২
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কোতবালওয়াল কারাগারে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কয়েদিদের সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। সংশ্লিষ্ট এক কারা কর্মকর্তা রোববার এ তথ্য জানান।
কয়েদিরা এ সময় কারারক্ষীদের লক্ষ্য করে পাথরসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করে।
জঙ্গি তৎপরতা ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ৪০০ কয়েদি ছিল ওই কারাগারে। মাত্রাতিরিক্ত তল্লাশি ও চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ করার অভিযোগে কয়েদিরা নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় কয়েকজন কয়েদিকে গ্যাস সিলিণ্ডার নিয়ে ছাদের ওপরও দেখা গেছে। এগুলো দিয়ে তারা নিরাপত্তাকর্মীদের প্রতিহত করার চেষ্টা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বলেন, “সকালের দিকে পূর্ব প্রস্তুতি নিয়ে হঠাৎ করেই কয়েদিরা লোহার রড, লাঠি ও পাথর নিয়ে হামলা চালায়। তাদের এই আকস্মিক হামলায় আমরা হতবাক হয়ে যাই।”
এসময় কারাগারের নিরাপত্তায় নিয়োজিত অন্তত ৯০০ পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্য ফাঁকা গুলি ছূঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এছাড়াও অতিরিক্ত আরও ৫০০ আর্মড পুলিশকেও জরুরি তলব করা হয়েছে বলেও সূত্র জানায়।
এর আগেও গত কয়েক বছরে একই কারাগারে স্থানীয় ও বিদেশী কয়েদিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে গত অক্টোবরে বিদেশী কয়েদিদের অন্যত্র স্থানান্তর করা হয় ।
ওই কারা কর্মকর্তা আরও বলেন, “পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে আসেনি। তবে কর্তৃপক্ষ বুঝিয়ে-শুনিয়ে কয়েদিদের ব্যারাকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
