ইরাকের অভ্যন্তরে শিয়া রাষ্ট্র গঠন করেছে ইরান: সৌদি আরব
শিয়া সশস্ত্র বাহিনীগুলোর পাশাপাশি ওই গোষ্ঠীর বিশেষ কর্মসূচিগুলোতে যাবতীয় সাহায্য দিয়ে ইরান ইরাকের অভ্যন্তরে ‘দেশের ভেতর দেশ’ হিসেবে কার্যকরভাবে একটি শিয়া রাষ্ট্র গঠন করেছে। সৌদি সরকারের নিরাপত্তা সংক্রান্ত একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে সোমবার এ কথা বলা হয়।
চল্লিশ পৃষ্ঠার ওই নথিতে বলা হয়, ইরানের সেনাবাহিনী শিয়া আধাসামরিক বাহিনীকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তেহরান ইরানপন্থি ইরাকি রাজনীতিকদের সক্রিয় সহযোগিতা দিচ্ছে।
নথির উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটনের প্রতিবেদনে বলা হয়, “আমেরিকানরা যেখানে ব্যর্থ, ইরানিরা সেখানে সফলভাবে ঢুকে পড়েছে।”
গত মার্চ মাসে সৌদি সরকার ওই নথিতে এসব কথা জানালেও জনসমক্ষে তা প্রকাশ করা হয়নি বলে পত্রিকাটি জানায়।
প্রতিবেদনে ইরাকি জোট সরকারে সবচেয়ে বড় দল বদরকে ‘ইরান নিজের সামরিক নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত লক্ষ্য পূরণে’ ব্যবহার করছে বলে দাবি করা হয়।
সুন্নি বিদ্রোহীদের সম্পর্কে ওই প্রতিবেদনে ইরাকি গোষ্ঠী নেতাদের উদ্ধৃত করে বলা হয়, সাদ্দাম হোসেনের বাথ পার্টির উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সাবেক কমান্ডাররা এসব বিদ্রোহী গোষ্ঠী পরিচালনা করছেন।
ঐতিহাসিক সম্পর্কের সূত্র দিয়ে ওই নথিতে বলা হয়, ‘ইরাকের সুন্নিদের নিরাপত্তা ও ভালমন্দের প্রতি সবসময় লক্ষ্য রাখা সৌদি আরবের বিশেষ দায়িত্ব।’
ইরাকে পূর্ণমাত্রায় গৃহযুদ্ধ শুরু হলে পরিস্থিতি কতোটা খারাপ হতে পারে সেদিকে লক্ষ্য রেখে এবং এ সংক্রান্ত খবরাখবর যুক্তরাষ্ট্রকে সরবরাহ করতে সৌদি সরকারকে কৌশল গ্রহণের প্রস্তুতি নিতে ওই প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়।
সৌদি জাতীয় নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা প্রকল্প নামে একটি পক্ষ সৌদি সরকারকে নিরাপত্তা ও গোয়েন্দা পরিস্থিতি সম্পর্কে অবহিত রাখতে ওই নথিটি তৈরি করেছে বলে প্রত্রিকাটি জানায়।
ওয়াশিংটন টাইমসের প্রতিবেদনে বলা হয়, নওয়াফ ওবায়েদ নামে এক ব্যক্তির নেতৃত্বে ওই নথিটি তৈরি করেছেন। ওই ব্যক্তি সম্প্রতি ওয়াশিংটন পোস্টে লেখা এক মন্তব্য প্রতিবেদনে ব্যাপক গোষ্ঠী সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরবকে ইরাকি সুন্নি মুসলমানদের সমর্থন দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
