‘ক্যাস্ত্রোর ক্যান্সার হয়নি, তিনি ফিরে আসবেন’
কিউবা সফররত মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্যরা রোববার বলেছেন তাদেরকে জানানো হয়েছে যে, ফিদেল ক্যাস্ত্রোর ক্যান্সার হয়নি এবং তিনি জন-জীবনে ফিরে আসবেন। কিউবা সরকারের কর্মকর্তারা তাদের একথা জানান।
ক্যাস্ত্রো পরবর্তী কিউবা-মার্কিন সম্পর্ক উন্নয়নে আলোচনা এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ শিথিল করার সম্ভাব্যতা যাচাই করতে ৩ দিনের সফরে কিউবায় আসে কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দলটি। ৪৮ বছর আগে বিপ্লবের পর এটাই কিউবা সফরে আসা সর্বোচ্চ মার্কিন প্রতিনিধি দল।
কিন্তু তাদের অনুরোধ সত্ত্বেও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর সঙ্গে দেখা করার অনুমতি পাননি তারা। তবে দেশটির মার্কিন নীতি-নির্ধারক উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। পররাষ্ট্রমন্ত্রী ফেলিপ পেরেজ রোক, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ফার্নান্দো রেমিরেজ ডি এস্তারনোজ এবং জাতীয় পরিষদের স্পিকার রিকার্ডো আলারকনের সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দল।
রিপাবলিকান প্রতিনিধি জেরি মোরান বলেন, “তারা আামাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে, ফিদেল ক্যাস্ত্রোর অসুস্থতা এবং এ সংশ্লিষ্ট ঘটনায় কিউবার সরকার কিংবা দেশটির নীতিগত কোন পরিবর্তন ঘটবে না।”
প্রতিনিধি দল জানায় তাদেরকে বলা হয়েছে যে,“ ফিদেল ক্যাস্ত্রো থাকুক বা না থাকুক কিউবায় একটি একদলীয় কমিউনিস্ট শাসন অব্যাহত থাকবে।”
মার্কিন প্রতিনিধি দলের রিপাবলিকান সদস্য মাইক কোনাওয়ে বলেন, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচন নিয়ে আলোচনায় কোন আগ্রহ দেখায়নি কিউবান কর্মকর্তারা।
