২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ বন্ধে হামাস-ফাতাহ ঐকমত্য

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার দল হামাস এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ সংঘর্ষ বন্ধে রোববার ঐকমত্যে পৌঁছেছে। তবে এতে সংঘর্ষ পুরোপুরি বন্ধ হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 12:25 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

এ ব্যাপারে চুক্তির পরও গাজার রাস্তায় গোলাগুলির শব্দ শোনা গেছে এবং সমঝোতা সম্পর্কে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছে দল দুটি। হামাস বলছে স্থগিত হয়ে যাওয়া ‘জাতীয় ঐক্য সরকারের’ আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে ফাতাহ বলছে শুধু সংঘর্ষ বন্ধের কথা বলেছে তারা।

হামাস কর্মকর্তা ইসমাইল রুদওয়ান বলেছেন সশস্ত্র মহড়া বন্ধ, সব নিরাপত্তা বাহিনীকে তাদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং উভয় পক্ষের আটকদের মুক্তি দেওয়া এবং হামাস সরকারের দুই মন্ত্রীর আটকাবস্থা অবসানে সম্মত হয়েছে দুই গ্রুপ।

ফাতাহ মুখপাত্র আবদেল হাকিম আওয়াদ বলেছেন, এ সমঝোতার লক্ষ্য হচ্ছে গাজা এবং অধিকৃত পশ্চিম তীর দুই জায়গাতেই অস্ত্রবিরতি কার্যকর করা।

কিছুদিন আগে আব্বাসের অনুগত এক গোয়েন্দা কর্মকর্তার ৩ ছেলেকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত আকার ধারণ করে আব্বাস-হানিয়া বিরোধ। গাজার রাস্তায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে হামাস-ফাতাহ। অন্যদিকে হামাস সরকারের ১ বিচারককে হত্যা করা হয় এর পরই। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে আব্বাসের আগাম নির্বাচনের ঘোষণার পর পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটে। আব্বাসের অফিসে মর্টার হামলা এবং তার এলিট ফোর্সের ১ সদস্যকে হত্যা, অপরদিকে হানিয়ার দুই মন্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া পর্যন্ত গড়ায় এ বিরোধ। প্রতক্ষ্যদর্শীরা বলছেন স্মরণকালের মধ্যে দুই গ্রুপের এমন সংঘর্ষ আর কখনো দেখেননি তারা।