২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টারের বই নিয়ে খেপেছে ইহুদিবাদীরা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তার নতুন এক বইয়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণকে দক্ষিণ আফ্রিকার জাতিগত বৈষম্যের সঙ্গে তুলনা করেছেন। এতে তার পক্ষে ও বিপক্ষে তীব্র বিতর্কের ঝড় উঠেছে যুক্তরাষ্ট্রে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 18 Dec 2006, 12:45 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কার্টারের ‘ফিলিস্তিন: জাতিগত বৈষম্য নয় শান্তি’ (প্যালেস্টাইন: পিস নট অ্যাপারথেইড) নামের বইটি প্রকাশিত হওয়ার পর ইহুদি গোষ্ঠীগুলো ক্ষোভ প্রকাশ করে বলেছে, বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করার মাধ্যমে ইসরাইল রাষ্ট্রের বৈধতার ধারণাকে খাটো করা হতে পারে।

এদিকে আটলান্টায় অবস্থিত কার্টার সেন্টারের প্রথম নির্বাহী পরিচালক কেন স্টেন এ বইয়ের বিষয়বস্তুর সমালোচনা করে পদত্যাগ করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে পরামর্শদাতা হিসেবেও কাজ করছেন।

বইটির একটি অংশে বলা হয়েছে, আরব দেশ ও ফিলিস্তিনের এ বিষয়টি স্পষ্ট করে বলা উচিত যে ইসরাইল আন্তর্জাতিক আইন ও শান্তির পথচিত্র গ্রহণ করলেই কেবল তারা আত্মঘাতী বোমা হামলাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করবে।

এ লাইনটির কথা উল্লেখ করে স্টেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, “এ কথাটার অর্থ কি এমন নয় যে ইহুদিদের হত্যা করা বৈধ? নাকি আমি ভুলভাবে বাক্যটা পড়েছি? আমার মনে হয় না আমি ভুলভাবে পড়েছি। তিনি যদি এটি সত্যিই লিখে থাকেন তাহলে বলতে হবে তিনি সহিংসতাকে উষ্কানি দিচ্ছেন। আর এটা কখনই কার্টার সেন্টারের মূল উদ্দেশ্য নয়।”

তবে জিমি কার্টারের জীবনী গ্রন্থের প্রকাশক ডগলাস ব্রিঙ্কলি বলেছেন, এ বইটি মধ্যপ্রাচ্যে কার্টারের সুনাম বাড়িয়ে দিতে পারে।

তিনি আরও বলেন,“এ কথা বলাতে তিনি এমন এক ব্যক্তিতে পরিণত হয়েছেন যিনি যুক্তরাষ্ট্রের সরকারের মতো করে কথা বলেন না, কিন্তু তিনি শান্তিকামী ও স্পষ্ট বক্তা।”

নভেম্বরে বইটি প্রকাশিত হওয়ার পর এক বক্তৃতায় কার্টার বলেন, “জাতিগত বৈষম্য যে চলছে তা কেউই অস্বীকার করতে পারেন না।”

এদিকে আটলান্টা জুইশ টাইমসের ব্যবস্থাপনা সম্পাদক মাইকেল জ্যাকব বলেন, “তার এ বক্তব্য ‘ইভানজেলিকাল ক্রিশ্চিয়ান কমিউনিটির একটি বড় অংশকে আঘাত করলেও ইসরাইলকে যারা বন্ধু ভাবে না তারা উৎসাহিত হয়েছে।”