অবশেষে মারা হল ‘লাদেন’কে
শেষ পর্যন্ত মরতেই হল ‘লাদেন’কে। তার প্রতাপ থামল। আসলে বলতে হয়, মারা হল। বিশ্ব নয়, গোটা একটা দেশও নয়, শুধু ভারতের ছোট্ট একটি এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল তার অত্যাচারে।
ঘর দোর, ক্ষেত খামার-শুধু এসব যদি নষ্ট করত, তাতে হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু দুই মাসে যে তার কবলে পড়ে প্রাণ হারিয়েছে ২৭ জন। তাই নতুন কোনো মৃত্যু ঠেকাতে হত্যাই করা হল হাতিটিকে।
আসাম রাজ্যের বেহলি শহরের কাছে হঠাৎ করেই যমদূত হিসেবে আবির্ভূত হয় একটি হাতি। গত দুই বছর ধরেই চলছিল তার উৎপাত। প্রথম প্রথম ফসলের ক্ষেত, তারপর বাড়িঘর তছনছ করে দিতে লাগল। এরপর জান নিয়েই টানাটিানি শুরু করল। গত এক মাসেই মৃত্যু হয় ১৪ জনের। আক্রান্ত গ্রামবাসী এই মূর্তিমান আতঙ্কের নাম দেয় ‘ওসামা বিন লাদেন’।
এক পর্যায়ে তৎপর হয়ে ওঠে বন কর্মকর্তারা। ৩১ ডিসেম্বরের মধ্যে হাতিটি শিকারে অভিযানে নামে তারা। শনিবার একটি চা বাগানে দেখা মেলে তার। গ্রামবাসীরাই দেখিয়ে দেয়। তারপর, আর কি..........।
ধারণা করা হচ্ছে ‘লাদেন’র বয়স হয়েছিল ৪৫ থেকে ৫০ বছর। তিন মিটার লম্বা ছিল সে। স্থানীয় সংসদ সদস্য রঞ্জিত দত্ত বললেন, “হাতিটি না মেরে উপায় ছিল না। এটি হঠাৎ করে আসত, তাণ্ডব চালিয়ে আবার বনে হারিয়ে যেত। মাঝে মাঝে এলাকাও পরিবর্তন করত। চেষ্টা করে দেখেছি, আগুনেও ভয় ছিল না তার।”
এদিকে আসলেই ‘লাদেন’কে মারা হয়েছে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, সম্ভবত আইওয়াশের জন্য নিরীহ কোনো হাতিকে মারা হয়েছে। তাদের যুক্তি, যে স্থানে হাতিটি মারা হয়, তা তার বিচরণস্থল থেকে অনেক দূরে। এছাড়া বনকর্মীরা ফুটপ্রিন্ট না রেখেই তড়িঘড়ি করে হাতিটি মাটি চাপা দিয়ে দেয়।
এদিকে স্বস্তির রেশ না ফুরোতেই যে এলাকায় ‘লাদেন’কে মারা হয় শনিবার রাতেই সে এলাকায় হানা দেয় এক পাল হাতি। বেশ ক’টি বাড়িঘর ধ্বংস করে তারা। এলাকাবাসীর প্রশ্ন, এটা কি প্রতিশোধ?
