পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে ২৩ জনের মৃত্যু
পাকিস্তানের মুলতানে একটি বিয়ের অনুষ্ঠানে অগ্নিদগ্ধ এবং পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৩ জন মারা গেছে।
পুলিশ জানায়, ডেরা গাজি খান শহরের কাছে একটি তাবুতে শনিবার রাতে চলছিল বিয়ের অনুষ্ঠান। গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশ কয়েক জন নারী ও শিশু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আতঙ্কে তাঁবু থেকে বেরিয়ে আসার জন্য সবাই ছোটাছুটি শুরু করলে পদদলিত হয়েও মারা যায় অনেকে। আবার ভিড়ের চাপে পাশের একটি দেয়াল ধ্বসে পড়লে তাতেও মৃত্যু হয় কয়েক জনের। মৃতের তালিকায় নববধূও রয়েছেন। বরের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ প্রাথমিকভাবে জানায়, ওই ঘটনায় ২২ থেকে ২৩ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন পুলিশ কর্মকর্তা গুলাম ফরিদ।
গুরতর আহত কয়েকজনের অবস্থা আশংকাজনক।
