মোশাররফের কাশ্মীর প্রস্তাব স্বাগত জানালেন মনমোহন
কাশ্মীর বিরোধ নিষ্পত্তিতে পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দেওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। উচ্চপদস্থ এক ভারতীয় কর্মকর্তা শনিবার একথা জানান।
এ মাসের শুরুতে পারভেজ মোশাররফ বলেন, ভারত যদি দুই দেশের যৌথ তদারকিতে কাশ্মীরে স্বায়ত্ত্বশাসন দিতে সম্মত হয় তাহলে ওই অঞ্চলের ওপর থেকে দাবি প্রত্যাহার করে নেবে পাকিস্তান।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় কর্মকর্তা জানান, মোশাররফের প্রস্তাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মনমোহন সিং বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করতে যে কোন প্রস্তাবকে স্বাগত জানাবেন তিনি। ভারতীয় প্রধানমন্ত্রী আগামী বছর পাকিস্তান সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন বলেও জানান ওই কর্মকর্তা।
মোশাররফ চান, কাশ্মীরের সবচেয়ে বিরোধপূর্ণ অঞ্চলগুলোর দিকে নজর দিক দুই দেশ। যে অঞ্চলগুলো নিয়ে দুই দেশেরই আপত্তি আছে সেগুলো নিয়ে আলোচনা হোক। ধাপে ধাপে এ সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি। উদাহরণ হিসেবে বলা হয়, ভারত যদি কাশ্মীরের ব্যাপক মুসলিম অধ্যুষিত এলাকা থেকে দাবি ছেড়ে দেয় তাহলে হিন্দুপ্রধান এলাকাগুলোর ওপর দাবি ছেড়ে দেবে পাকিস্তান।
এরপর আস্তে আস্তে সেনার সংখ্যা কমিয়ে আনা এবং যাতায়াত, ব্যবসা বাণিজ্য সহজ করার ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে উভয় দেশের সম্মতিতে সেখানে স্বায়ত্ত্বশাসনের উদ্যোগ নেওয়া হবে।
