আগাম নির্বাচনের ঘোষণা দিলেন মাহমুদ আব্বাস
শেষ পর্যন্ত আগাম নির্বাচনের ঘোষণাই দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হামাস ও ফাতাহ গ্রুপের ক্রমবর্ধমান সংঘাতের পরিপ্রেক্ষিতে শনিবার জাতির উদ্দেশে ভাষণে তিনি এ ঘোষণা দেন।
মাহমুদ আব্বাস বলেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন দেয়ার সিদ্ধান্ত আমি নিয়েছি। তবে তিনি এটাও বলেন, সব দলগুলোকে নিয়ে যদি হামাস একটি জোট সরকার গঠন করতে পারে এবং তাতে যদি পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নেয় তবে ভাবনা অন্যরকম হতে পারে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। রাজনৈতিক সমঝোতা না হলে এই পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।
সরকার ভেঙ্গে দেওয়ার অধিকার তার রয়েছে, এ দাবি করে মাহমুদ আব্বাস বলেন, এটা আমার সাংবিধানিক অধিকার। যে কোনো সময় আমি তা প্রয়োগ করতে পারি।
ঘোষণা দিলেও নির্বাচনের দিন তারিখ নিয়ে সুনির্দিষ্ট কিছু বরৈননি মাহমুদ আব্বাস। তার ঘনিষ্ঠ সহকর্মী সায়েব এরাকাত বলেন, ২০০৭ সালের মাঝামাঝির আগে নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। কারণ এর জন্য প্রস্তুতি প্রয়োজন।
এদিকে প্রেসিডেন্টের ঘোষণা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন হামাস। হামাস সাংসদ মুশীর আল মাসরি বলেছেন, প্রেসিডেন্ট একটি নির্বাচিত সরকারকে উৎখাত করতে চাইছেন। এটা কোনো মতেই সংবিধান সম্মত নয়।
