শনিবারই আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন আব্বাস
হামাস ও ফাতাহর মুখোমুখি অবস্থানে ফিলিস্তিনে বিরাজমান চরম উত্তেজনাকর পরিস্থিতিতে আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শনিবার তিনি ভাষণ দেবেন। এ ভাষণেই তিনি আগাম নির্বাচনের ঘোষণা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আগাম নির্বাচনের ঘোষণা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করে দিয়েছে হামাস। হামাসের পার্লামেন্ট নেতা খলিল আল-হায়া শুক্রবার বলেছেন, আগাম নির্বাচন বা গণভোটের সিদ্ধান্ত মেনে নেবে না হামাস। এদিকে, সরকারি বাহিনীকে ব্যবহার করে নিরাপত্তার অজুহাতে অরাজকতা সৃষ্টির অভিযোগে রামাল্লার সমাবেশ বয়কটেরও ঘোষণা দিয়েছে তারা।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় আইনে আগাম নির্বাচনের কোন বিধান নেই। কিন্তু ফাতাহ বলছে, প্রেসিডেন্টের বিশেষ ডিক্রি জারি করে এ নির্বাচন করা যেতে পারে। জবাবে হামাসের বক্তব্য, এরকম কিছু করা হলে তা বেআইনি হবে।
কোন কোন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আব্বাস আগাম নির্বাচন বা গণভোটের হুমকি দিয়ে চাপ প্রয়োগের চেষ্টা চালাতে পারেন, কিন্তু আসলেই তিনি তা করলে বিষয়টি তার জন্য আত্মঘাতী হবে।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীকে আরো শক্তিশালী করতে সহায়তা করার ঘোষণা দিয়েছেন । রাইস বলেন, আব্বাসের বাহিনীর জন্য কংগ্রেসের কাছে অর্থ সাহায্য চাইবেন তিনি।
