‘ক্যান্সার নয়, কঠিন রোগের বিরুদ্ধে লড়াই করছেন ক্যাস্ট্রো’
কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রোর ক্যানসার হয়নি বরং কঠিন এক রোগের বিরুদ্ধে লড়াই করছেন তিনি ।
ক্যাস্ট্রোর ক্যানসার হয়েছে-বেশ কয়েক সপ্তাহ ধরে এমন গুজবের প্রেক্ষিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ শুক্রবার একথা বলেন।
শাভেজ বলেন ক্যাস্ট্রোর ঘনিষ্ঠজনদের সাথে তিনি টেলিফোনে কথা বলেছেন এবং তারা তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।
এদিকে ওয়াশিংটন পোস্টে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান জন নিগ্রোপন্টে বলেন, ক্যাস্ট্রোর অবস্থা প্রায় মৃতের মত এবং খুব বেশি হলে কয়েক মাস বাঁচতে পারেন তিনি।
জুলাই মাসে বড় ধরনের একটি অস্ত্রোপচার হওয়ার পর ক্যাস্ট্রো এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি। এমনকি ৮০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেননি তিনি। অক্টোবর মাসে প্রচারিত তার ভিডিওচিত্রে বেশ দুর্বল মনে হয়েছিল তাকে।
প্রসঙ্গত, ১৯৫৯ সালের বিপ্লবের পর থেকে এ বছরের জুলাইতে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত ক্যাস্ট্রোই কিউবা শাসন করেছেন। প্রেসিডেন্ট শাভেজ ক্যাস্ট্রোর ঘনিষ্ট মিত্র এবং তার যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানের সমর্থক। তার দেশ থেকে স্বল্পমূল্যে তেল সরবরাহ করে কিউবাকে সহায়তা করেছে শাভেজ।
