হানিয়ার ওপর হামলার জন্য ফাতাহ নেতাকে দায়ী করেছে হামাস
ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস গ্রুপ অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে হত্যার উদ্দেশ্যেই বৃহস্পতিবার হামলা হয়। হামলার জন্য প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সমর্থিত ফাতাহ গ্রুপকে দায়ী করে তারা।
হামাস মুখপাত্র ইসমাইল রাদওয়ান শুক্রবার বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাফায় হামলা হয় এবং এর পরিকল্পনা দাঁড় করান ফাতাহ নেতা মোহাম্মদ দাহলান। দাহলান কোনোভাবেই হত্যার প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র ও দেহরক্ষী হত্যার দায় এড়াতে পারেন না। এর জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে।
তবে অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ হাজির করেননি হামাস মুখপাত্র।
এ বিষয়ে মোহাম্মদ দাহলানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ফাতাহ গ্রুপের মুখপাত্র তৌফিক আবু খাউশা বলেন, আমরা ওই ঘটনার তীব্র নিন্দা এবং এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। তিনি হামাসের অভিযোগ নাকচ করে দেন।
কয়েকটি মুসলিম দেশ সফর শেষে বৃহস্পতিবার গাজায় ঢুকতে গেলে প্রথমে ইসরায়েলি সেনাদের বাধার মুখোমুখি হন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া। ঢোকার পর তার গাড়ি বহরে গুলি হয় এবং সে ঘটনা কেন্দ্র করে হামাস ও ফাতাহ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে হানিয়ার এক দেহরক্ষী নিহত ও তার ছেলেসহ ২০ জন আহত হয়।
