হলোকাস্ট সম্মেলন নিয়ে ইরানের সমালোচনায় বান কি মুন
শপথ নেওয়ার পরপরই ইরানের সমালোচনায় মুখর হলেন জাতিসংঘের ভাবী মহাসচিব বান কি মুন।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুন বলেন, হলোকাস্ট অস্বীকার এবং ইসরাইল নিয়ে ইরানের বক্তব্য অগ্রহণযোগ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুতি নিধনযজ্ঞ নিয়ে ইতিহাসের পুর্নমূল্যায়নে ইরান সম্প্রতি আয়োজন করে হলোকাস্ট সম্মেলন। সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নাৎসী বাহিনীর হাতে ৬০ লাখ ইহুদি হত্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, সেটা যতটা না সত্যি, তার চেয়ে বেশি মিথ। তিনি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের একটি ক্ষত হিসেবেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বান কি মুন বলেন, হলোকাস্ট একটি ঐতিহাসিক সত্য। সুতরাং এটাকে অস্বীকার করাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তেমনি কোনো রাষ্ট্রকে বিলীন করে দেওয়ার আহ্বানও অগ্রহণযোগ্য।
বিষয়গুলো নিয়ে ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মুন। পাশাপাশি পরমাণু ইস্যুতে চলমান সঙ্কট নিয়ে আলোচনায় ফিরে আসার জন্য ইরানের প্রতি আহ্বান জানান তিনি।
২০০৭ সালের ১ জানুয়ারি কফি আনানের কাছ থেকে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব নেবেন বান কি মুন।
