২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশকে উপেক্ষা করে আসাদের সঙ্গে মার্কিন সিনেটরের বৈঠক

সিরিয়ার তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। গত বুধবার করা তার এই সমালোচনা এবং হোয়াইট হাউজের নিষেধ উপেক্ষা করে একই দিন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্রেট দলীয় সিনেটর বিল নেলসন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 14 Dec 2006, 02:47 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

দামাস্কাসে বৈঠক শেষে নেলসন বলেন, ইরাকে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সিরিয়ার সঙ্গে আলোচনা করা দরকার।

ইরাকে সহিংসতা অবসানের লক্ষ্যে সিরিয়া ও ইরানের সঙ্গে আলোচনায় বসতে ইরাক স্টাডি গ্রুপের পরামর্শ আমলে না নিয়ে বুশ এক বিবৃতিতে বলেন, “লেবাননের সার্বভৌমত্ব খাটো করার চেষ্টা চালাচ্ছে সিরিয়া।” তিনি দেশটির প্রতি দ্রুত সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার এবং লেবাননে সামরিক দখলদারিত্বের সময় গ্রেপ্তার করা লেবাননীদের হালঅবস্থা জানানোর আহবান জানান।

এদিকে এ সপ্তাহেই সিনেট ইনটেলিজেন্স কমিটিতে যোগ দেওয়ার ডাক পাওয়া ফ্লোরিডার সিনেটর নেলসন বলেছেন, প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আলোচনার পর তার মনে হয়েছে সিরিয়ার সঙ্গে সংলাপ শুরু করা দরকার। দামাস্কাসে আলোচনা শেষে জর্ডান থেকে এক টেলিকনফারেন্সে তিনি বলেন, “আসাদ আমাকে বলেছেন, দু’দেশের স্বার্থের জন্যই ইরাকের পরিস্থিতি স্বাভাবিক করা প্রয়োজন। আমি এটাকে বন্ধ দরজা খুলতে শুরু করা হিসেবে দেখছি।” তিনি আরো বলেন, ইরাক-সিরিয়া সীমান্ত বন্ধ বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইরাকি সেনাবাহিনী ও যুক্তরাষ্টকে সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন আসাদ।

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানায়, নেলসন ও আসাদ লেবানন, ইরাক ও ফিলিস্তিনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। “ পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার কারণেই সংলাপ শুরু করার এবং উভয় পক্ষের সহযোগিতার হাত বাড়ানোর প্রয়োজন” বলে মন্তব্য করে বার্তাসংস্থাটি।

প্রসঙ্গত, হোয়াইট হাউজ বলেছে, কংগ্রেসের কোন সদস্যের সিরিয়া যাওয়া উচিত হবে না। কিন্তু আরো একজন ডেমোক্রেট সিনেটর, কানেকটিকাটের ক্রিস ডড আসাদের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে সিরিয়া যাওয়ার ঘোষণা দিয়েছেন।