ব্রিটেনে আরেক জ্যাক দ্যা রিপারের আবির্ভাব: ৫ খুন
ব্রিটেনে গত ১১ দিনে পাঁচ মহিলা খুন হয়েছেন। খুনিকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। হত্যাকান্ডের ধরণ দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলারের আবির্ভাব হয়েছে দেশটিতে। নিহতদের সবাই যৌনকর্মী বলে ধারণা করা হচ্ছে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর ইপসউইচ এবং এর আশপাশ থেকে উদ্ধার করা হয় এদের নগ্ন মৃতদেহ।
ব্রিটিশ গোয়েন্দারা পাঁচটি মৃতদেহের মধ্যে তিনটি শনাক্ত করেছেন। তিনজনই যৌনকর্মী। বাকি দুটি লাশ যৌনকর্মী পাওলা ক্লেনেল (২৪) ও আনেট নিকোলসের (২৯) হতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের চীফ সুপারিন্টেন্ড স্টুয়ার্ট গাল। পাওলা শনিবার থেকে এবং আনেট এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। হত্যাকান্ড শুরু হওয়ার পর পাওলা গত সপ্তাহে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকারও দেন। আইটিভি-কে তিনি বলেন, “আমরা যে কেউ খুন হতে পারি। খদ্দেরদের গাড়িতে উঠতে ভয় পাচ্ছি।”
পর-পর এ হত্যাকান্ডের ঘটনায় ‘রিপার’ ফিরে এসেছে-এমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে। উনিশ শতকে ‘জ্যাক দ্য রিপার’ নামে এক দুর্ধর্ষ হত্যাকারী ছিল। সে ১৮৮৮ সালে পূর্ব লন্ডনে পাঁচ যৌনকর্মীকে হত্যা করে বলে অভিযোগ করে। কিন্তু তা প্রমাণ করার জন্য রিপারকে কখনও খুঁজে পাওয়া যায়নি। ব্রিটেনের ইতিহাসে আরেক কুখ্যাত খুনী হচ্ছে ‘ইয়র্কশায়ার রিপার’ নামে কুখ্যাতি পাওয়া পিটার সাটক্লিফ। ১৯৭৫ থেকে ১৯৮০ সালের মধ্যে সে উত্তর ইংল্যান্ডে খুন করে ১৩ জন মহিলাকে যাদের অধিকাংশই ছিলেন যৌনকর্মী।
ব্রিটিশ অপরাধতাত্ত্বিক কোলিন উইলসন বলেছেন, “হত্যাকান্ডের গতির দিক থেকে ইপসউইচ-এর এই ঘাতক ‘জ্যাক দ্য রিপার’ কে ছাড়িয়ে গেছে।”তার হাতে আরো খুন হতে পারে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। দ্যা ডেইলি মেইল পত্রিকায় তিনি লিখেছেন, “পুলিশকে এখন আলোর গতিতে দৌঁড়াতে হবে কারণ ঘাতক তার পরবর্তী শিকার হয়তো ইতোমধ্যেই ঠিক করে ফেলেছে।”
ডিসেম্বরের ২ তারিখে একটি জলাশয়ের ভেতর সর্বপ্রথম জেমা এ্যাডামসের (২৫) লাশ পাওয়া যায়। এরপর একই জলাশয় থেকে ডিসেম্বরের ৮ তারিখে ডুবুরিরা তানিয়া নিকোলের (১৯) লাশ উদ্ধার করে। রোববার আনেলি আল্ডারটনের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ যৌনকর্মীদের রাস্তায় অপেক্ষা না করার এবং সব মহিলাদের একা বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
