পানির ট্যাঙ্ক থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকি বিদর্ভের তুলাচাষীদের
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কয়েক শ’ তুলা চাষী পানির ট্যাঙ্কের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার হুমকি দিয়েছে।
ঋণের ভারে জর্জরিত এই চাষীরা তাদের সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাজ্যের অমারাবতী জেলায় অনেকগুলো ট্যাঙ্কের ওপর অবস্থান নিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া বুধবার এ খবর দিয়ে জানায় মহারাষ্ট্রের বিভিন্ন জেলার হতদরিদ্র এবং ঋণগ্রস্ত তুলা চাষীরা ভয়াবহ ঋণের আবর্ত থেকে বেরিয়ে আসতে না পেরে চরম দারিদ্রে দিন কাটায়। প্রতিবছরই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নেয় বহু তুলা চাষী। এই আত্মহত্যার বেশিরভাগই ঘটছে তুলা চাষের জন্য বিখ্যাত বিদর্ভ এলাকায়।
স্থানীয় আইনপ্রণেতা ও কর্মসূচির আয়োজক বাচ্চু কাদুও ২০ জন তুলাচাষীকে নিয়ে ১০০ ফুট উচুঁ একটি পানির ট্যাঙ্কের ওপর অবস্থান নিয়েছেন। তিনি ওপর থেকে ঘোষণা দেন, “দাবি না মানা পর্যন্ত নামব না।” মঙ্গলবার থেকে অমরাবতীর বিভিন্ন পানির ট্যাঙ্কের ওপর উঠে অবস্থান নিতে শুরু করে তুলাচাষীরা।
মঙ্গলবার এক চাষীকে ৫০ ফুট উঁচু একটি পানির ট্যাঙ্ক থেকে পুলিশ নামানোর চেষ্টা করলে তিনি নীচে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছেন।
গত পাঁচ বছরে ভারতে কয়েকহাজার কৃষক ঋণের দায় থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছে। এদের অনেকেই ছিলেন বিদর্ভ অঞ্চলের অধিবাসী।
