২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন হামলায় নিহত ৪

আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হামলায় মঙ্গলবার এক কিশোরীসহ অন্তত চারজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

জোট বাহিনী ও গ্রামবাসীরা এ খবর জানান।

তবে তালেবানদের সমর্থন দানকারী ওই এলাকাটিতে মঙ্গলবার ভোরে চালানো ওই হামলায় নিহতদের পরিচয় সম্পর্কে সন্দেহ রয়ে গেছে।

গ্রামবাসীরা জানান, আফগান আধাসামরিক বাহিনীর সহায়তায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনী একটি বাড়ির দরজা ভেঙে প্রবেশ করার পর এর বাসিন্দারা সেনাদের চোর ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে।

সেনাদের পাল্টা গুলিবর্ষণে চারজন নিহত ও সাতজন আহত হন। এরা সবাই বেসামরিক আফগান বলে গ্রামবাসীরা জানান।

তবে জোট বাহিনী এক বিবৃতিতে জানায় ওই অভিযানে নিহত পাঁচজনের মধ্যে এক কিশোরী ও চারজন সন্দেহভাজন সন্ত্রাসী ছিল।

বাড়ির বাসিন্দাদের প্রথমে আত্মসমর্পনের অনুরোধ জানানো হয়। তবে তারা সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়ে গুলিবর্ষণ শুরু করে বলে বিবৃতিতে বলা হয়।

এতে আরও বলা হয়, “আফগান সরকারের শত্রুরা লোকবসতিতে অবৈধ কার্যক্রম চালিয়ে নারী ও শিশুদেরসহ পরিবারের সবার জীবন এভাবে হুমকিগ্রস্ত করছে।”