বাগদাদের কেন্দ্রস্থলে আত্মঘাতী বোমায় নিহত ৬০
বাগদাদের কেন্দ্রস্থলে এক আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার ৬০ জন নিহত এবং দুই শতাধিক আহত হয়েছেন।
নগরীর তাইরান চত্বরে দিনমজুরদের সমাগমস্থলে সকাল ৭টায় এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের প্রতিশ্রুতি দিয়ে শ্রমিকদেরকে নিজের পিকআপ ট্রাকের কাছে ডেকে এনে ভেতরে বসে থাকা এক ব্যক্তি বোমা বিস্ফোরণ ঘটান। এতে নিহত হন মোট ৬০ ব্যক্তি, আহত হন আরও ২২১ জন।
বিস্ফোরণের পরপরই সেখানে বন্দুকের গুলির আওয়াজ পাওয়া গেছে বলে ইরাকি পুলিশ জানিয়েছে।
এ বিস্ফোরণের ঘণ্টাদেড়েক পর রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা পুলিশের টহল গাড়ির কাছে বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই ঘটনা এমন এক সময় ঘটলো যার কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ বাগদাদে অবস্থানরত মার্কিন সামরিক কমান্ডারের সাথে এক টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে নিজের ইরাক নীতি পর্যালোচনা করবেন বলে কথা রয়েছে।
বুশ এরপর ইরাকি ভাইস প্রেসিডেন্ট তারেক আল-হাসেমির সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন। বুধবার বুশ পেন্টাগন সফর করবেন বলে কথা রয়েছে।
ইরাকে বুশের নীতি নিয়ে যথেষ্ট আলোচনা-সমালোচনার পর তিনি ওই নীতি পর্যালোচনা করে দেখতে রাজি হন।
