ইন্দোনেশিয়ার আচেহতে প্রথম সরাসরি ভোট
একজন গভর্নর এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা নির্বাচনের জন্য সোমবার প্রথমবারের মতো সরাসরি ভোট গ্রহণ করা হচ্ছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে।
গত তিন দশকের সহিংসতার পর ২০০৫ সালের অগাস্টে ‘ফ্রি আচেহ মুভমেন্ট’ (জিএএম) এবং সরকারের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পর এ নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়। সুমাত্রা দ্বীপের উত্তরাংশে আচেহ প্রদেশে একটি স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করে আসছিল জিএএম-সহ অন্য গোষ্ঠীগুলো।
আচেহ প্রদেশের প্রায় ২৬ লাখ মানুষ এ নির্বাচনে ভোট দিবে বলে আশা করা হচ্ছে। প্রদেশজুড়ে ৮,৪০০ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ ও ভোটগণনার কাজে নিরাপত্তা দেওয়ার জন্য ১৩,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনী প্রচারণার কাজ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্টিত হবে বলে সবাই আশা করছে। আচেহ’র অন্তর্বর্তী গভর্নর মুস্তাফা আবুবকর বলেছেন, আমি আশা করি জনগন ভোট দেওয়ার এ সুযোগ কাজে লাগাবে।
সরাসরি ভোটের আগে এতোদিন পর্যন্ত জাকার্তা সমর্থিত স্থানীয় পরিষদই গভর্নর নিয়োগ দিত। এবারের নির্বাচনে মোট আটজন প্রার্থী গভর্নর পদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন। ফ্রি আচেহ মুভমেন্ট কমান্ডার ইরওয়ান্দি ইউসুফ নির্বাচনে দাঁড়িয়েছেন। এছাড়া দুইজন সাবেক সেনা কর্মকর্তাও প্রতিদ্বন্দিতা করছেন। তবে অনেক বিশ্লেষকের ধারণা কেউই নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ২৫ শতাংশ ভোট পাবে না।
১১ ডিসেম্বর ভোটগ্রহণ শেষ হলেও জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। দ্রুত ভোট গুনতে স্থানীয় ও বিদেশী গ্রুপগুলোর অনুরোধ প্রসঙ্গে নির্বাচন কমিশনের প্রধান এম জাফর বলেছেন, এটা আমাদের আইন বহির্ভুত এবং এতে ভুলের সম্ভাবনাও বেশী।
