দারফুরে ত্রাণবাহী ট্রাকে হামলা, নিহত ৩০
যুদ্ধ বিধ্বস্ত সুদানের দারফুরে বন্দুকধারীরা রোববার কমপক্ষে ৩০ জনকে হত্যা করেছে। উদ্বাস্তু শিবিরের জন্য ত্রাণ ও ওষুধ নিয়ে যাওয়ার সময় এ হামলা হয় বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘ মুখপাত্র রাদিয়া আচুরি বলেন, ত্রাণ সামগ্রীবাহী একটি ট্রাক চাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুরের সির্বা এলাকায় পৌঁছলে এক দল অশ্বারোহী তার ওপর হামলা চালায়। তারা বেপরোয়া গুলি চালায় এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ট্রাক আরোহী অনেক উদ্বাস্তুকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। হতাহতের সংখ্যা নিশ্চিত না করতে পারলেও এ সংখ্যা ৩০ জনের কম নয় বলে জাতিসংঘ মুখপাত্র দাবি করেন।
আফ্রিকান ইউনিয়ন এর আগে ওই ঘটনায় ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছিল।
২০০৩ সাল থেকে অব্যাহত সংঘাতে দারফুরে কমপক্ষে দুই লাখ লোক নিহত হয়েছে। রোববারের হামলার জন্য জাতিসংঘ মুখপাত্র কাউকে দায়ী করেননি। তবে ধারণা করা হচ্ছে, জাঞ্জাবিদ গেরিলারাই এ হামলা চালিয়েছে। সুদান সরকারের বিরুদ্ধে এদের মদদ দেয়ার অভিযোগ থাকলেও সরকার তা অস্বীকার করে আসছে।
