২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আমেরিকায় ৫ বছরেই ইইউ মডেলের ঐক্য সম্ভব: মোরালেস

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন পাঁচ বছরের মধ্যেই ইউরোপীয় ইউনিয়ন মডেলের ঐক্য গড়ে তোলা সম্ভব দক্ষিণ আমেরিকায়।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Dec 2006, 12:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

কোচাবাম্বায় ‘সাউথ আমেরিকান কমিউনিটি অফ নেশনস’ (এসএসিএন) এর দু’দিনব্যাপী সম্মেলন শেষে শনিবার একথা বলেন তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজসহ ল্যাতিন আমেরিকার ৭ জন প্রেসিডেন্ট অংশ নেন সম্মেলনে।

মোরালেস বলেন, ইউরোপীয় ইউনিয়ন গড়ে তোলার মতো ৫০ বছর লাগাতে চাই না আমরা। আমি আশা করি আরো কম সময়েই আমরা তা পারব। আগামী তিন, চার, পাঁচ বছরের মধ্যেই দক্ষিণ আমেরিকায় ইইউর মতো মডেল গড়া সম্ভব।

জ্বালানি ইস্যুতে একটি সমন্বিত প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আগামী বছর ভেনেজুয়েলায় আরেকটি সম্মেলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন নেতারা। আঞ্চলিক ঐক্য বাড়াতে ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি অফিস স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মেলনে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট শাভেজ বলেছেন, বিভিন্ন দক্ষিণ আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে আরও আলোচনা প্রয়োজন। আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি কিন্তু তা বাস্তবায়নের সামর্থ্য আমাদের নেই। এ বাস্তবতা আমাদের স্বীকার করা উচিৎ।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা বলেছেন, এ নেতাদেরকে দূরে ঠেলে দেওয়ার মতো পারষ্পরিক বিরোধের অনেক জায়গা যেমন আছে তেমনি তাদেরকে কাছে আনার, একত্র করার মতোও অনেক কিছু আছে। তিনি বলেন, তবে এটা নিশ্চিত যে দক্ষিণ আমেরিকার কোন দেশ একা একা এগোতে পারবে না। আমাদেরকে একত্রে বসতে হবে এবং সমন্বিতকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করতে হবে। তা না হলে আমারা সামনে এগোতে পারবো না।

কোচাবাম্বা সম্মেলনে দক্ষিণ আমেরিকার সমন্বিত ঐক্য প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি চুক্তি স্বাক্ষর করেন শাভেজ, মোরালেসসহ অন্য নেতারা।